
KIIT-তে ফের নেপালি ছাত্রীর ঝুলন্ত দেহ!
শেষ আপডেট: 2 May 2025 07:45
দ্য ওয়াল ব্যুরো: কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (KIIT)-র মহিলা হস্টেল থেকে এক নেপালি ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীকে হস্টেল ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। বছর কুড়ির ওই তরুণী ওড়িশার ভুবনেশ্বরের ওই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স বিভাগে বি.টেক পড়ছিলেন।
পুলিশ কমিশনার জানিয়েছেন, 'এক নেপালি ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে কেআইআইটি-র মহিলা হস্টেলের একটি ঘরে। সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।' একজন সিনিয়র পুলিশ অফিসার জানান, মৃতদেহটি হস্টেলের ১১১ নম্বর ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
একই ইনস্টিটিউশনের আর এক নেপালি ছাত্রী প্রকৃতি লামসাল ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনাও তীব্র আলোড়ন তুলেছিল। এই ঘটনাটি ঘটল তার মাত্র আড়াই মাসের ব্যবধানে। একই রকমভাবে একই জায়গায় একই গোষ্ঠীর দুই ছাত্রীর মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
প্রথম ঘটনায় লখনউয়ের এক সিভিল ইঞ্জিনিয়ারের ছেলে ধরা পড়ে পুলিশের হাতে। ওই ছেলেটি নির্যাতিতাকে চিনত। গোপনে তাঁর বেশ কয়েকটি ছবিও তুলে লাগাতার ব্ল্যাকমেল করত বলে অভিযোগ। এর পরে ওই মৃত্যুর ঘটনা নিয়ে কূটনৈতিক স্তরেও শুরু হয়েছে দড়ি টানাটানি খেলা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অবিলম্বে নেপালের পড়ুয়াদের হস্টেল খালি করারও নির্দেশ দেওয়া হয়। সেই নিয়েও শুরু হয় প্রবল বিক্ষোভ।
সেই ঘটনার রেশ না থিতোেতেই ফের শিরোনামে এল ওই একই প্রতিষ্ঠান। সেই একই ঘটনা ঘটে গেল আবারও। তবে কেআইআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত। ছাত্রীর আত্মহত্যার সম্ভাব্য কারণ কী, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, কেআইআইটি ভুবনেশ্বরের একটি স্বনামধন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে দেশ-বিদেশের বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলির ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য।
সেখানেই পরপর দুই নেপালি ছাত্রীর মৃত্যুতে ছাত্রসমাজে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি, সামাজিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।