
শেষ আপডেট: 19 December 2023 12:15
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেই বিধানসভা নির্বাচনে জিতে আবারও মধ্যপ্রদেশের ক্ষমতা দখল করেছে বিজেপি। শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন, তাঁর বদলে এসেছেন মোহন যাদব। রাজনৈতিক রদবলের পর সোমবার বিধানসভার ১৬ তম অধিবেশন বসেছে সে রাজ্যে। সেখানেই দেখা গেল, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর ছবি সরিয়ে ফেলা হয়েছে। তার বদলে সেখানে বসেছে বি আর আম্বেদকরের ছবি। বিধানসভা কক্ষে স্পিকারের চেয়ারের ঠিক পিছনেই বসেছে সেই ছবি।
যদিও মহাত্মা গান্ধীর ছবি এখনও জ্বলজ্বল করছে বিধানসভায়। তবে নেহরুর ছবি সরিয়ে ফেলা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেস নেতারা এই পরিবর্তনে আপত্তি জানিয়ে জওহরলাল নেহরুর ছবি আবার সেখানে বসানোর দাবিতে সরব হয়েছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে নেহরুর ছবি জায়গায় ফিরিয়ে আনা না হলে তাঁরা নিজেরাই সেই কাজ করবেন।
এদিন অধিবেশন শুরু হওয়ার পরেই প্রো-টেম স্পিকার গোপাল ভার্গব নব-নির্বাচিত সদস্যদের বিধানসভায় স্বাগত জানিয়ে তাঁদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু করেন। তারপরই শুরু হয়েছে ছবি বদল বিতর্ক। তবে কী কারণে বিধানসভা থেকে নেহরুর ছবি সরিয়ে ফেলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
প্রো-টেম স্পিকার গোপাল ভার্গব জানিয়েছেন, কংগ্রেসের উমঙ্গ সিংগারকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দল নির্বাচিত করা হয়েছে। দলের প্রবীণ নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে বিধানসভার স্পিকার পদের জন্য মনোনীত করেছে বিজেপি।