
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
শেষ আপডেট: 20 June 2024 21:51
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বেনিয়ম ঠেকাতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের আশ্বাস দিয়ে পরীক্ষা আয়োজনের পদ্ধতি বদলের কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, "ছাত্রছাত্রীদের বলব, আস্থা রাখতে। যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। ঘটনার দায় স্বীকার করে নিয়ে আমি কথা দিচ্ছি, নিট ও ইউজিসি নেটে দুর্নীতি প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কাউকে রেয়াত করা হবে না।"
এনটিএ-র কাঠামোগত এবং পরীক্ষার প্রক্রিয়াগত সংশোধনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, আইন, শিক্ষা, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রের দক্ষ ব্যক্তিদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, ওই কমিটির সুপারিশ মেনেই পুরো ব্যবস্থার বদল ঘটানো হবে।
প্রসঙ্গত, ন্যাশেনাল টেস্টিং এজেন্সি ১৮ জুন ইউজিসি-নেট পরীক্ষা নিয়েছিল। ৯ লক্ষের ওপর পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর একদিন পরেই পরীক্ষা বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বাতিল করা হয়েছে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটও। অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছিল।
কীভাবে ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হল? শিক্ষামন্ত্রী বলেন, "পরীক্ষার পরের দিন দুপুরে আমরা প্রশ্নপত্র ফাঁসের খবর জানতে পারি। দেখা যায়, মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিলে রয়েছে। বাধ্য হয়েই পরীক্ষা বাতিল করা হয়েছে।"
মন্ত্রী জানিয়েছেন, টেলিগ্রামের মতো অ্যাপগুলির উপর নজরদারি চালানো কঠিন। সেই সুয়োগকে কাজে লাগিয়েই প্রশ্ন ফাঁস হয়েছে বলে মনে করা হচ্ছে। কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার কথাও জানানো হবে।