
পিছিয়ে গেল নিউ ইউজি কাউন্সিলিং (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 6 July 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নিউ ইউজি কাউন্সিলিং। আজ শনিবার থেকেই সর্বভারতীয় স্তরে ডাক্তারিতে স্নাতকে ভর্তির কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে সেই কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে ফের কাউন্সেলিং শুরু হবে, সেব্যাপারে আপাতত কেন্দ্রের তরফ থেকে কিছু জানানো হয়নি।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-র ফল প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। চলতি বছর গত ৫ মে নিট ইউজি হয়েছিল। প্রথমে ফলপ্রকাশের কথা ছিল ১৪ জুন। কিন্তু লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন অর্থাৎ ৪ জুনই ফলাফল প্রকাশিত হয়। দেখা যায়, ৭২০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ৬৭ জন। কমপক্ষে ১৫৬৩ পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়। ৬৭ জন প্রথম স্থানাধিকারীদের নিয়ে শুরু হওয়া বিতর্ক থেকে দেশ জুড়ে প্রশ্নপত্র ফাঁসের বিরাট চক্র সামনে আসে। এরপর নিট পরীক্ষা বাতিলের দাবিতে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। এরপরই ফের ডাক্তারিতে স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু পরীক্ষা বসেন মাত্র ৭৫০ জন।
২০২৪-এর নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। কোনওভাবেই নিট পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হবে না, সেই মামলায় সাফ জানিয়ে দিয়েছে এনটিএ এবং কেন্দ্রীয় সরকার। তাদের যুক্তি, পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বিপদে পড়বেন।
এদিকে নিটের কাউন্সেলিং বন্ধ করা হবে না বলেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্ধারিত দিন অর্থাৎ আজ ৬ জুলাই মেডিক্যালের স্নাতকে ভর্তির কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকালেই যা স্থগিত করে দেওয়া হয়। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।