
গণনা কেন্দ্রের ছবি।
শেষ আপডেট: 23 November 2024 10:06
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক পর্যায়ে এগিয়ে আছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি জোট ২১১ টি এগিয়ে। এই জোটের অপর দুই শরিক একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি।
অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি এগিয়ে মাত্র ৬৩ আসনে। বাকি আসনগুলির ফলাফলের ট্রেন্ড এখনও পাওয়া যায়নি। ফলাফলের এই প্রবণতা বজায় থাকলে বড় ধাক্কা খেচে চলেছে, কংগ্রেসকে সামনে রেখে গড়ে ওঠা ‘ইন্ডিয়া’।
অন্যদিকে, ঝাড়খণ্ডের ৮১টি আসনে ভোট হয়েছে। সেখানেও গণনার প্রাথমিক প্রর্যায়ে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তবে সেখানে হাড্ডাহাড়ি লড়াইয়ের আভাস মিলেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সেখানে ৩১ আসনে এগিয়ে। অন্যদিক, জেএমএমের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ এগিয়ে ২৮টিতে।
এখানে বলে রাখা ভাল, অনেক সময়ই প্রাথমিক ট্রেন্ড দিনের শেষে মেলে না। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হয়। যা মূলত ভোটকর্মীদের ভোট। অনেক সময়ই দেখা যায় ভোটকর্মীরা শাসক জোটের বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের দাবিদাওয়া সরকার পূরণ না করায়। যদিও মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে এই নির্বাচনে সরকারি কর্মচারীদের কোনও ইস্যু জোরালো ভাবে আলোচনায় ছিল না।
বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল, মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন মহাউতি বা মহাজোট শুধু ক্ষমতা ধরে রাখবে তাই নয়, তারা বিপুল সংখ্যাধিক্য অর্জন করবে। অন্যদিকে, ঝাড়খণ্ডে তারা বিজেপি জোটকে এগিয়ে রেখেও বলেছেন, লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। গণনার প্রাথমিক প্রবণতায় সেটাই ফুটে উঠেছে।