
শেষ আপডেট: 30 October 2023 16:25
দ্য ওয়াল ব্যুরো: মারাঠা সংরক্ষণ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্র। দিনে দিনে আন্দোলন আরও শক্তিশালী হয়ে উঠছে। দিকে দিকে এই আন্দোলনের তেজ বাড়ছে। সোমবার আন্দোলনকারীদের রোষের মুখে পড়লেন এনসিপি বিধায়ক (অজিত পাওয়ার গোষ্ঠী) প্রকাশ সোলাঙ্কি। বিধায়কের বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা।
বিধায়কের জ্বলন্ত বাংলোর ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেইসব ভিডিওতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বাংলো। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, যেসময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেসময় প্রকাশ সোলাঙ্কি বাড়ির মধ্যেই ছিলেন। যদিও হতাহতের কোনও খবর মেলেনি।
সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোলাঙ্কি বলেছেন, 'সৌভাগ্যের বিষয় আমার পরিবারের সদস্য ও অন্যান্য কেউই আহত হননি। আমরা সকলে সুরক্ষিত আছি কিন্তু আগুনে সম্পত্তির অনেকাংশ নষ্ট হয়ে গেছে।' আন্দোলনকারীদের অভিযোগ, মহারাষ্ট্রের মারাঠা সংরক্ষণ আন্দোলন নিয়ে সম্প্রতি বিরূপ মন্তব্য করেছিলেন বিধায়ক।
#WATCH | Beed, Maharashtra: Maratha reservation agitators vandalised and set the residence of NCP MLA Prakash Solanke on fire. pic.twitter.com/8uAfmGbNCI
— ANI (@ANI) October 30, 2023
উল্লেখ্য, গত ২৯ অগস্ট থেকে শিক্ষা ও চাকরিক্ষেত্রে মারাঠা সংরক্ষণের দাবিতে প্রতিবাদ অনশন আন্দোলন চালাচ্ছেন মারাঠি নেতা মনোজ জারাঙ্গে প্যাটেল। গত ১৪ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে মনোজের সঙ্গে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মনোজকে আশ্বাস দেন, ৪০ দিনের মধ্যে সংরক্ষণ আনা হবে। সেই আশ্বাসের পর সাময়িক অনশন উঠে গিয়েছিল। কিন্তু গত ২৪ অক্টোবর সংরক্ষণ চালু করার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে ফের নতুন করে আন্দোলন শুরু করেন মনোজ।
মনোজদের আন্দোলনের তেজ আরও বাড়ছে। আন্দোলনকারীদের দাবি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করে তাঁদের আন্দোলন থামানোর চেষ্টা করছেন। এমতাবস্থায় মনোজ মহারাষ্ট্রের বিধায়ক ও সাংসদের উদ্দেশে আর্জি জানিয়েছেন যাতে তাঁরা বিধানসভায় বিশেষ অধিবেশনে মারাঠা সংরক্ষণ বিষয়টি তুলে ধরেন।