
নেটে ভাইরাল হওয়া ছবি।
শেষ আপডেট: 24 April 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: মধুচন্দ্রিমা বলে কথা! তাও বিয়ের কয়েকদিনের মধ্যে। তাই জেমস ক্যামেরনের বিখ্যাত টাইটানিক সিনেমার নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উনসলেটের মতো বিহঙ্গ-বিহঙ্গীর পোজে ছবি তুলতে কার না মনে সাধ জাগে। না থাক সমুদ্র, পিছনে বরফে ঢাকা পাহাড়। আর পায়ের তলায় সবুজ উপত্যকার মাঝে দাঁড়িয়ে তেমনই বলিউড সুপারস্টার শাহরুখ খানের মতো দুহাত খুলে স্ত্রী হিমাংশীর সঙ্গে ছবি তুলেছিলেন নৌ সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। নেটদুনিয়ায় তাঁদের সেই ১৯ সেকেন্ডের ভিডিও দেখে এখন ডুকরে উঠছেন দেশবাসী।
শাহরুখ খানের দুহাত প্রশস্ত করা বিনয়ের ঠিক পিছনে দাঁড়িয়ে তাঁকে জড়িয়ে ধরে ছবি তোলেন হিমাংশী। জঙ্গি হানায় বিনয়কে গুলি করে খুন করলেও তাঁর স্ত্রীকে রেয়াত করা হয়। বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল সুইৎজারল্যান্ডে। কিন্তু, ভিসা না হওয়ায় শেষ পর্যন্ত ভূস্বর্গ কাশ্মীর। কিন্তু, কে জানত সদ্য বিবাহিত স্ত্রীর সামনেই হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করে গুলি করে স্বামীকে মেরে ফেলবে জঙ্গিরা!
হরিয়ানার কারনালের বাসিন্দা ভারতীয় নৌ বাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মরদেহ বুধবার দুপুরে দিল্লি বিমানবন্দরে নামার পর এক মর্মান্তিক, হৃদয়স্পর্শী মুহূর্তের সাক্ষী হন দেশবাসী। আর তা হল, জঙ্গি গুলিতে সদ্য স্বামীহারা হিমাংশী নারওয়ালের আকুল কান্না।
লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মরদেহ একটি কফিনে করে বিশেষ বিমানে নয়াদিল্লিতে আনা হয়। সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তেরঙায় মোড়া কফিনের কাছে হিমাংশীকে ধরে ধরে নিয়ে যাওয়ার পরেই কান্না আর বাঁধ মানেনি। কফিনের উপর যেখানে বিনয় নারওয়ালের সেনা হ্যাট রাখা ছিল সেখানে আছড়ে পড়েন স্ত্রী। তাঁর চিৎকারে কয়েক মিনিটের জন্য সব শব্দ যেন নির্বাক হয়ে পড়ে।
স্বামীকে শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে চারপাশের শব্দকে চিরে হিমাংশীর কান্না ভেসে ওঠে। তিনি চিৎকার করে বলতে থাকেন, ও ছিল সকলের সেরা মানুষ। ওর আত্মা শান্তি পাক। ও যেখানেই থাকুক সেখানে আনন্দে, শান্তিতে থাকুক। ওর জন্য রোজ গর্বিত বোধ করব আমরা। শেষে স্যালুট করে বলেন, জয় হিন্দ।