
শেষ আপডেট: 4 November 2023 18:27
দ্য ওয়াল ব্যুরো: রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে কিনা বোঝার জন্যই চলছিল মহড়া। সেই সময়েই আচমকা রানওয়ের উপর ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার একটি হেলিকপ্টার। কেরলের কোচিতে সেই দুর্ঘটনায় নৌসেনার এক কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার কোচিতে নৌসেনার এয়ার স্টেশন আইএনএস গরুড়ে। সেনাবাহিনীর মেনটেন্যান্স ট্যাক্সি চেকের সময় যান্ত্রিক ত্রুটির কারণে চেতক কপ্টারটি ভেঙে পড়ে বলে জানা গেছে। নৌসেনার মুখপাত্রের তরফে এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, দুর্ঘটনার ফলে একজন গ্রাউন্ড ক্রু মেম্বারের মৃত্যু হয়েছে।
A Chetak helicopter met with a ground accident today during maintenance taxi checks at INS Garuda, Kochi, resulting in the unfortunate loss of life of one ground crew. A Board of Inquiry has been ordered to investigate the cause of accident.
— SpokespersonNavy (@indiannavy) November 4, 2023
মৃত ওই নৌসেনা কর্মীর নাম যোগেন্দ্র সিং। ওই কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং নৌসেনার অন্যান্য আধিকারিকরা। যোগেন্দ্র মৃতদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। তাঁর পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।
ঠিক কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল সেই কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই।