
সিধু এবং তাঁর স্ত্রী
শেষ আপডেট: 29 November 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু সম্প্রতি দাবি করেছেন, হলুদ, নিম ও লেবুর জলে তাঁর স্ত্রীর ক্যানসার সেরেছে। এই দাবি শুনে চিকিৎসকমহল এমনিতেই রেগে আগুন ছিল। সূত্রের খবর, এই ইস্যুতে এবার বিরাট অঙ্কের নোটিস পেয়েছেন সিধুর স্ত্রী। ক্যানসার রোগীদের বিপথে চালনা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ছত্তীসগড় সিভিল সোসাইটি বা সিসিএস সিধুর স্ত্রীকে ৮৫০ কোটি টাকার নোটিস পাঠিয়েছে বলে সূত্রে খবর। সিসিএস-এর কনভেনর ডাঃ কুলদীপ সোলাঙ্কির কথায়, ''এই ধরনের ভুয়ো দাবি ক্যানসার রোগীদের মধ্যে দ্বিধা তৈরি করছে। তাঁরা অনেকেই অ্যালোপ্যাথি চিকিৎসার প্রতি ভরসা হারাচ্ছেন যা উল্টে তাঁদেরই ক্ষতি করছে। শুধু তাই নয়, ক্যানসার রোগীদের অনেকে ওষুধ খেতেও বারণ করছে যা আরও ভয়ঙ্কর বিষয়।'' একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, সিধুর স্ত্রী যে কথা বলছেন তা প্রমাণ করার জন্য তাঁকে ১ সপ্তাহ সময় দিয়েছে সিসিএস। এর মধ্যে প্রমাণ করতে না পারলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে।
খোদ নভজ্যোত সিধুকেও অনুরোধ করা হয়েছে এই ধরনের দাবি প্রমাণ ছাড়া না করার জন্য। বলা হয়েছে, এমনটা ক্রমাগত করা হলে শুধু ক্যানসার না, অন্য রোগের রোগীরাও ওষুধ নিতে চাইবে না। তাতে বিরাট সঙ্কটের পরিস্থিতি তৈরি হবে। তবে সিধু ঠিক কী দাবি করেছিলেন? তাঁর বক্তব্য ছিল, চিনি, দুধজাত খাবার ছেড়ে দিয়ে এবং হলুদ, নিম খেয়ে তাঁর স্ত্রীর ক্যানসার মুক্ত হয়েছেন। ডাক্তাররা বলেছিলেন তিনি ৪০ দিন বাঁচবেন। কিন্তু এইভাবেই তিনি এখন ক্যানসার মুক্ত!
এর জবাবে টাটা মেমোরিয়াল হাসপাতালের ডিরেক্টর সিএস পরমেশ অবশ্য বলেছিলেন, এরকম অপরীক্ষিত চিকিৎসার উপর যেন ক্যানসার আক্রান্তরা ভরসা না করেন। এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তিনি তাঁর দাবির সপক্ষে টাটা হাসপাতালের ২৬২ জন বর্তমান ও প্রাক্তন ক্যানসার বিশেষজ্ঞের স্বাক্ষরিত একটি বিবৃতিও প্রকাশ করেন।
সেই বিবৃতিতে বলা হয়, সিধুর দাবির কোনও ক্লিনিক্যাল ডেটা নেই। হলুদ এবং নিম ক্যানসার নিরাময়ে সহায়ক ভূমিকা নেয় এমন কোনও তথ্যপ্রমাণ নেই। ক্যানসার সঠিক সময়ে ধরা পড়লে তা চিকিৎসায় সারে। আর ক্যানসারের সঠিক চিকিৎসা হল, অস্ত্রোপচার, রেডিয়েশন ও কেমোথেরাপি।