
শেষ আপডেট: 18 November 2023 12:52
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী চুড়ি পরুন, একেবারেই পছন্দ নয় স্বামীর। এদিকে ২৩ বছরের তরুণীর দারুণ পছন্দ রংবেরঙের কাচের চুড়ি। সেই নিয়েই অশান্তি। স্ত্রীকে কিছুতেই বাগে আনতে না পেরে তাঁকে বেল্ট দিয়ে বেদম পেটাল স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। এরপরই বাপের বাড়ি চলে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে স্বামীসহ গ্রেফতার করা হয়েছে তিন জনকে।
ঘটনাটি নভি মুম্বাইয়ের দীঘা এলাকার। সূত্রের খবর, ৩০ বছর বয়সি প্রদীপ আরকাদের সঙ্গে 'কায়দা'র চুড়ি পড়া নিয়ে রোজই ঝামেলা লেগে থাকত স্ত্রীর। প্রদীপ বিষয়টা একেবারেই মেনে নিতে পারত না। আর স্ত্রীর কিছুতেই এ ব্যাপারে স্বামীর কথা মানবেন না।
গত ১৩ নভেম্বর চুরি পড়া নিয়ে ফের ঝামেলা বাঁধে যুগলের। এরপরেই প্রদীপের মা এসে চুলের মুঠি ধরে তরুণীকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যান ঘরের মাঝখানে। তারপর একের পর এক থাপ্পড় মারতে শুরু করেন তাঁকে। কোমর থেকে বেল্ট খুলে স্ত্রীকে বেদম পেটাতে শুরু করে প্রদীপও। এরপর তাদের কয়েকজন আত্মীয়াও আসে সেখানে। তরুণীকে মেরে হাতের সুখ করে নেয় তারাও।
সেই ঘটনার পর সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ি ছেড়ে পুনেতে বাপের বাড়িতে চলে যান নিগৃহীতা। এরপর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলা পরে নভি মুম্বাইতে ট্রান্সফার করে দেওয়া হয়। তারপরেই প্রদীপ, তার মা এবং এক আত্মীয়াকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩৪, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।