
শেষ আপডেট: 16 March 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার সঙ্গেই বিধানসভার ভোট হবে ওড়িশায়। শনিবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশের খানিক আগে বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক করেন নবীন। বৈঠক শেষে নবীন বলেন, এবারের ভোটে ওডিশার মানুষ ইতিহাস তৈরি করবে।
শনিবার নবীনের এই কথায় জল্পনা তৈরি হয়। কিছু পরেই অবশ্য বিষয়টি স্পষ্ট হয়ে যায় নবীন কোন ইতিহাসের কথা বলতে চেয়েছেন।
আসলে ওড়িশায় এবারও পালা বদলের সম্ভাবনা নেই। বিজু জনতা দল ফের দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে ক্ষমতায় ফিরতে চলেছে। আর ষষ্ঠবারের জন্য রাজ্য শাসনের ভার গ্রহণ করার মাস ছয়েকের মাথায় নবীনের হস্তগত হবে দেশের দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডও।
দীর্ঘদিন এই রেকর্ড ছিল বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দখলে। ১৯৭৭ সালের ২১ জুন থেকে ২০০০ সালের ৬ নভেম্বর পর্যন্ত তিনি টানা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।মাঝপথে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেন তিনি। জ্যোতিবাবু মারা যাওয়ার পর দেশের সবচেয়ে ছোট রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী থাকাকালে এই রেকর্ড দখল করেন পবন কুমার চামলিং।
নবীন শুধু মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড করতে চলেছেন তাই নয়, সাম্প্রতিক একটি সমীক্ষায় তিনি দেশের সেরা মুখ্যমন্ত্রীর স্বীকৃতি পেয়েছেন।
২০০৪ থেকে ওড়িশায় লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভার ভোট হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না। তার উপর একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষায় ইতিমধ্যে বলা হয়েছে, দুই ভোটেই স্যুইপ করবে বিজু জনতা দল। অর্থাৎ রাজ্য আবার শঙ্খধনীতে মুখরিত হওয়া এখন সময়ের অপেক্ষা।
রাজ্যের ২০টি লোকসভা আসনের আঠারোটির মতো পেতে পারে বিজেডি। অর্থাৎ হুবহু গতবারের ফলাফল। টানা পাঁচবারে শাসক দল বিজু জনতা দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতারও কোনও হাওয়া নেই, এমনটাই বলা হয়েছে একাধিক সমীক্ষায়।
নরেন্দ্র মোদী এবার চারশোর বেশি আসনে জিতে লোকসভায় ফিরতে চান। সেই স্বপ্নপূরণে রাজ্যে রাজ্যে শরিকের সন্ধান চালিয়ে যাচ্ছে বিজেপি। তারা অন্ধ্রপ্রদেশে এনডিএ-র পুরনো শরিক তেলগু দেশম পার্টির সঙ্গে আলোচনা চালাচ্ছে। জগনমোহন রেড্ডিকে সরিয়ে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু রাজ্যে ক্ষমতায় ফিরতে চান। ফলে তাঁর বিজেপির হাত ধরার বাসনা থাকা স্বাভাবিক।
নবীনের বিজু জনতা দলের সঙ্গেও বিজেপির কথা শুরু হয়েছিল। তবে আলোচনা মাঝপথে ভেস্তে যায়।
নবীন অবশ্য শনিবার রাজ্যের আগামী দশ বছরের ভাবনা নিয়েই মন্ত্রিসভায় বৈঠকে এবং পরে আলোচনা করেন। ২০৩৬ সালে রাজ্য হিসাবে শতবর্ষে পা দেবে ওডিশা। নবীন নতুন ওডিশা তৈরির ডাক দেন শনিবার। বলেন, ষষ্ঠবার ক্ষমতায় এসে রাজ্যের বকেয়া উন্নয়নেই মনোনিবেশ করব। যদিও জল্পনা আছে, অসুস্থ নবীন ষষ্ঠবার মুখ্যমন্ত্রী হওয়ার পর মাঝপথে দায়িত্ব ছেড়ে দিতে পারেন। সেক্ষেত্রে কে হবেন তাঁর উত্তরসুরী তা নিয়ে জল্পনা আছে।
তাঁর বয়স এখন ৭৭। আগামী পাঁচ বছর তাঁর মুখ্যমন্ত্রিত্ব করার মতো শারীরিক সক্ষমতা থাকবে কিনা তা নিয়ে সংশয় আছে। তাঁর উত্তরসূরি দলে কে হবেন, তা নিয়ে বিজু জনতা দলে অন্তর্কলহ আছে। নবীন প্রাক্তন আমলা ভিকে পান্ডিয়ানকে উত্তরসূরি করবেন বলে জোর আলোচনা আছে ওড়িশার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।