ফাইল ছবি
শেষ আপডেট: 1 April 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলের (April) প্রথম দিন থেকেই দেশজুড়ে বাড়ল জাতীয় সড়কের (National Highway) টোলের খরচ (Toll Tax)। জানা গিয়েছে, চলতি মাস থেকে জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে (Expressway) যাতায়াতের জন্য দেশ জুড়ে টোল চার্জ চার থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি করেছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (National Highways Authority of India)।
এমনিতেই প্রতি অর্থবর্ষে ১ এপ্রিল থেকে জাতীয় সড়কের টোল ট্যাক্সের পরিমাণ বাড়ান হয়। সেই হিসেবেই মঙ্গলবার মধ্যরাত থেকেই বাড়ল টোলের খরচ। এদিন জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ সমস্ত জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের জন্য আলাদাভাবে টোলের খরচ বৃদ্ধির হার বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে।
ভারতের জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের অধীনে ৮৫৫টি টোল প্লাজা রয়েছে। ২০০৮ সালের জাতীয় মহাসড়ক ফি-র নিয়ম মেনে খরচের তারতম্য ঘটে। এর মধ্যে প্রায় ৬৭৫টি টোল প্লাজার খরচ চালায় সরকার। বাকি ১৮০টি বেসরকারি কনসেশনারদের দ্বারা পরিচালিত হয়।
সংশোধিত টোল ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কারণে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, দিল্লি-জয়পুর হাইওয়ে-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।
জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, টোল প্লাজাগুলির রক্ষণাবেক্ষণ, মুদ্রাস্ফীতি-সহ একাধিক কারণে চলতি অর্থবর্ষে খরচের পরিমাণ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে টোল ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে পণ্য ও যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত সংগঠনগুলি। কেন্দ্রীয় সরকারকে তাঁদের তরফে চিঠিও দেওয়া হলেও লাভ কিছুই হয়নি বলে অভিযোগ। উল্টে টোল খরচ বাড়ানোর ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা জোরাল হচ্ছে। পাশাপাশি বাড়তে পারে বাস-সহ অনান্য গাড়ির ভাড়াও।