
নরেন্দ্র মোদী - অমিত শাহ
শেষ আপডেট: 20 June 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: ইংরেজিতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে। মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখেই বোঝা যাচ্ছে দিনটা কেমন যাবে! এমনিতে দিল্লির দিনকাল ভাল যাচ্ছে না। চাঁদি ফাটা গরমে কত লোকের যে হিট স্ট্রোক হচ্ছে ইয়ত্তা নেই। তার উপর রাজনীতির গরম। নিট কেলেঙ্কারি ও নেট পরীক্ষা বাতিল নিয়ে এখন উত্তাপ পঞ্চাশ পেরিয়ে গেছে। তা আরও বাড়িয়ে দিতে শুক্রবার তথা ২১ জুন দেশ জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে নতুন উজ্জীবিত কংগ্রেস।
কেন্দ্রে এনডিএ সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশন বসতে চলেছে। কিন্তু সার্বিক এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদ যেন শুরু হতে চলেছে সেমেস্টার দিয়ে। পর্যবেক্ষকদের মতে, সংসদে নিট ও নেট দুই পরীক্ষাতেই এবার বসতে হবে প্রধানমন্ত্রীকে।
কংগ্রেস ও তৃণমূল সূত্রের খবর, আগে স্থির ছিল সংসদের প্রথম অধিবেশনে এক্সিট পোল ও শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে তদন্তের দাবি জানানো হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, নিট ও নেট পরীক্ষার বিষয়টি দেশে সাধারণ মানুষকে অনেক বেশি স্পর্শ করেছে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের কথায়, “যে তরুণ প্রজন্মকে এতদিন নানা ললিপপ দেখিয়ে কাছে টানার চেষ্টা করছিলেন মোদী, তাঁরাও বুঝে গেছে এই মানুষটা ধোঁকা ছাড়া কিছু দেননি”।
এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডাকে বৈঠকে ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অফিসারদেরও ডাকা হয়েছে বলে খবর। অমিত শাহর বাসভবনে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে ওই বৈঠকে ঠিক হয়েছে, সংসদের বৈঠক বসার আগেই জরুরি পদক্ষেপ করতে হবে। নিটের প্রশ্নপত্র বাতিলের অভিযোগ নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় এখন ধরপাকড় শুরু হয়েছে।
বস্তুত নিট কেলেঙ্কারির পর গতকাল রাতে তড়িতড়ি ইউজিসি-র নেট পরীক্ষাও বাতিল করেছে কেন্দ্র। কারণ, সেখানেও কারচুপির অভিযোগ পাওয়া গিয়েছে। অর্থাৎ মোদী জমানায় জাতীয় স্তরের পরীক্ষায় স্বচ্ছতার বিষয়টি নিয়েই বড় প্রশ্ন উঠে গেছে।
জানা গিয়েছে, কেন্দ্রের পরামর্শমতো নীতীশ কুমার সরকার প্রশ্ন পত্র ফাঁস নিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তথা সিট গঠন করেছে। একই ভাবে তদন্তের গতি বেড়েছে মোদীর রাজ্য গুজরাতেও।
সাউথ ব্লক সূত্রে খবর, সংসদের অধিবেশন বসার আগে সরকার দেখাতে চাইছে যে স্বচ্ছতার কথা মাথায় রেখে ধরপাকড় শুরু হয়েছে। আগামী দিনে এন়টিএ-র মাধ্যমে নিট পরীক্ষা হবে নাকি তাতে সংস্কার করা হবে সেই কথাটাও সংসদে জানানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।