
শেষ আপডেট: 8 December 2023 20:13
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে কোথায় করবেন, স্বদেশে না বিদেশে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান ভারতীয় মাত্রেই কর্তব্য হওয়া উচিত দেশে বিয়ের অনুষ্ঠান করা। এই বাবদ কোটি কোটি টাকা ভারতীয়রা বিদেশের মাটিতে খরচ করুন, চান না প্রধানমন্ত্রী।
সপ্তাহ দেড়েক আগে মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই ব্যাপারে প্রথম সরব হয়েছিলেন তিনি। অনুযোগের সুরে বলেছিলেন, ‘দেশের পয়সাওয়ালাদের নতুন ট্রেন্ড হয়েছে বিদেশে বিয়ে করতে যাওয়া।’ প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘দেশে কি ভাল জায়গার অভাব আছে নাকি। যে টাকাটা বিদেশ খরচ করছেন সেটাই দেশে ব্যয় করুন। সাফ কথা বিয়ে দেশে করুন।’
শুক্রবার শিল্প-বাণিজ্যের একটি বিশ্ব বিনিয়োগ সম্মেলনেও প্রধানমন্ত্রী এই ব্যাপারে সরব হন এবং পরিসংখ্যান তুলে ধরে বলেন, বিয়ের আ়য়োজনও হতে পারে বাণিজ্যের বড় হাতিয়ার। তাতে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডে গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই ভাষণে প্রথমে মেক ইন ইন্ডিয়ার প্রসঙ্গ পাড়েন। উল্লেখনীয় হল, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির মূল কথা হল বিদেশিরা ভারতেই কলকারখানা গড়ে এই দেশের বাজারে বিক্রি করুক। দেশে কলকারখানা তৈরিতে বিদেশিদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী এই কর্মসূচি ঘোষণা করেন।
উত্তরাখণ্ডের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘মেক ইন্ডিয়া’র মতো ‘ওয়েড ইন ইন্ডিয়া’ কর্মসূচিও পালন করা দরকার। যুব সমাজের উদ্দশে মোদীর বক্তব্য, ‘আপনারাই পারেন বিদেশে না গিয়ে দেশে বিয়ের ‘ওয়েড ইন ইন্ডিয়া’ বিপ্লব ঘটাতে।’
‘মন কি বাতে’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমনকী এই কথাও বলেন, বিয়েতে ভারতীয় পণ্য কিনুন। তাতে দেশিয় শিল্পের বিপুল অগ্রগতি হবে। উত্তরাখণ্ডের বিনিয়োগ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর প্রণব আদানি, জিন্দল গোষ্ঠীর সজ্জন জিন্দাল, পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব প্রমুখ। মোদী তাঁদের উদ্দেশে বলেন, ‘এখানে বিয়ের অনুষ্ঠানের বিলাসবহুল সুবিধাযুক্ত পরিকাঠামো তৈরি করতে পারেন বিনিয়োগকারীরা।’ বিয়ে করার জন্য উত্তরাখণ্ডকে গন্তব্য করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।