
শেষ আপডেট: 7 May 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো: মুসলিমদের সম্পর্কে তাঁর মন্তব্য ঘিরে ভোটের ময়দান সরগরম। বিরোধীরা তাঁর বিরুদ্ধে প্রচারে ধর্ম টেনে আনার অভিযোগ তুলেছে। তাঁকে ইসলাম ও মুসলিম বিরোধী বলে প্রচার শুরু হয়েছে।
বিরোধীদের এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী মোদী দাবি করলেন, ‘আমি ইসলাম ও মুসলিম বিরোধী নই। বিরোধীরা আমার সম্পর্কে অপপ্রচার করছে।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমি মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আত্মসমীক্ষা করুন এবং উপলব্ধি করার চেষ্টা করুন কারা আপনাদের ভাল চায়।’
একটি টিভি চ্যালেনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, সেই নেহরুর সময় থেকেই কংগ্রেস নিজেদের মুসলিমদের মিত্র বলে তুলে ধরে বাকিদের প্রতিপক্ষ বলে দেখাতে চাইছে। কিন্তু মুসলিম মা বোনেরা উপলব্ধি করেছেন যখন আমি তিন তালাক বিরোধী আইন করে তাদের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছি। তারা বুঝেছেন কে তাদের ভাল চান।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে রাজনৈতিক মহলের একাংশ সাফাই হিসাবে দেখছে। যদিও কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলিমদের বিলিয়ে দেবে বলে তাঁর বিতর্কিত মন্তব্যের কোনও ব্যাখ্যা প্রধানমন্ত্রী দেননি।
সপ্তাহ দুই আগে রাজস্থানের ভোটের সভামঞ্চ থেকে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের সমালোচনা করতে গিয়ে মুসলিমদের নিশানা করছিলেন মোদী। অনুপ্রবেশকারী এবং বেশি সন্তান উৎপাদনকারী বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সেই মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেস যেমন নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে তেমনই নাগরিক সমাজের একাংশের মত হল অমন কথা প্রধানমন্ত্রীর মুখে বেমানান।
মুসলিমদের আত্মসমীক্ষা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগচ্ছে। আপনারা যদি পিছিয়ে থাকেন, তবে তার কারণ অনুসন্ধান করুন। প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেসের জমানাতেই মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি অবিচার হয়েছে।
কোভিড ভ্যাকসিন এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা কার্ডের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুসলিম ভাই-বোনেরা জানেন আমি একজন সাচ্চা ব্যক্তি। কোনও ভেদাভেদ আমি করিনি।’
প্রধানমন্ত্রীর কথায়, ‘আমি কখনও বলিনি মুসলিমরা সংরক্ষণের সুবিধা পাবেন না। আমি বলেছি, ধর্মের ভিত্তিতে তা দেওয়া যায় না। মুসলিম, খ্রিস্টান, হিন্দু, পার্সি নির্বিশেষে সব ধর্মের গরিব মানুষের সংরক্ষণের সুবিধা প্রাপ্য।’