
রাষ্ট্রপতির হাতে ইস্তফা পত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী।
শেষ আপডেট: 5 June 2024 14:48
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর বুধবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তাঁর ইস্তফাপত্র তুলে দিলেন।
প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার অর্থ গোটা মন্ত্রিসভা ভেঙে যাওয়া। এদিন মোদী তাঁর সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি টুইট করে বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদী ও গোটা মন্ত্রিসভার ইস্তফাপত্র গ্রহণ করেছি এবং তাঁকে আপাতত কাজ চালিয়ে যেতে বলেছি।
Prime Minister @narendramodi called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan. The Prime Minister tendered his resignation along with the Union Council of Ministers. The President accepted the resignation and requested the Prime Minister and the Union Council of Ministers… pic.twitter.com/1ZeSwQFU1y
— President of India (@rashtrapatibhvn) June 5, 2024
বিজেপি সূত্রে খবর, আগামী ৮ জুন শনিবার রাষ্ট্রপতি ভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। সেদিন প্রধানমন্ত্রী পদে ফের শপথ নেবেন নরেন্দ্র মোদী ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা।
তার আগে এখন দিল্লিতে এনডিএ শিবিরে জোর তৎপরতা শুরু হয়ে গেছে। বুধবার বিকেলে এনডিএ-র বৈঠক ডাকা হয়েছে। সেজন্য দিল্লিতে পৌঁছেছেন চন্দ্রবাবু নায়ডু ও নীতীশ কুমার। সূত্রের খবর, মন্ত্রিসভায় দফতর নিয়ে শরিক দলের নেতাদের সঙ্গে এদিন রাত থেকে আলাদা করে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। তা ছাড়া একেকটি শরিক দলের সঙ্গে সমন্বয় রাখার জন্য দলের কয়েক জন প্রবীণ নেতাকেও দায়িত্ব দেওয়া হতে পারে।