Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

রাষ্ট্রপতিকে অপমান! তৃণমূলের অহঙ্কার চুরমার করে দেবে বাংলার মানুষ: দ্রৌপদী প্রশ্নে ফের সুর চড়ালেন মোদী

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadu Murmu) ‘অপমান’ করার অভিযোগ করে তৃণমূলের (TMC) চরম সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবাসরীয় দুপুরে দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতিকে অপমান মানে দেশের সংবিধানের অপমান। গণতন্ত্রের মহান পরম্পরার অপমান।

রাষ্ট্রপতিকে অপমান! তৃণমূলের অহঙ্কার চুরমার করে দেবে বাংলার মানুষ: দ্রৌপদী প্রশ্নে ফের সুর চড়ালেন মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 March 2026 15:37

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadu Murmu) ‘অপমান’ করার অভিযোগ করে তৃণমূলের (TMC) চরম সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবাসরীয় দুপুরে দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতিকে অপমান মানে দেশের সংবিধানের অপমান। গণতন্ত্রের মহান পরম্পরার অপমান।দেশের সাঁওতাল জনজাতিদের অপমান। মহিলাদের অপমান। তাঁর কথায়, “একজন আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করার এই নোংরা রাজনীতি আর ক্ষমতার অহঙ্কার চুরমার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ কোনওদিনও তৃণমূলের (TMC) এই জঘন্য রাজনীতিকে ক্ষমা করবে না।”

এদিন আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। সেই বক্তৃতারই শেষ দিকে তিনি বলেন, “বড়ই উদ্বেগ আর খেদের সঙ্গে একটা ঘটনা আপনাদের জানাতে চাইছি। গোটা দেশকে জানাতে চাইছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি সাঁওতাল-আদিবাসী পরম্পরার অনেক বড় একটি উৎসবে সামিল হতে বাংলায় গিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ও তাঁর অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিবর্তে তৃণমূল ওই অনুষ্ঠান বহিষ্কার করে এবং রাষ্ট্রপতিকে বহিষ্কার করে”।

প্রধানমন্ত্রীর কথায়, “রাষ্ট্রপতি সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। সাঁওতাল ও আদিবাসীদের উন্নয়নের জন্য কাজ করেছেন। তৃণমূল যা করেছে তা শুধু দেশের রাষ্ট্রপতিকে অপমান করা নয়, দেশের সংবিধানকেও অপমান করা হয়েছে”। প্রধানমন্ত্রী মোদী বলেন, “অহঙ্কারে ডুবে থাকা ব্যক্তি যতই শক্তিশালী হোক, শেষমেশ নষ্ট হয়ে যায়”।

আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে অংশ নিতে শনিবার উত্তরবঙ্গে গিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই অনুষ্ঠানেই রাষ্ট্রপতি বলেছিলেন, “প্রশাসনের মনের মধ্যে কী চলছিল বলতে পারব না। আমি তো বেশ সহজেই এলাম। অথচ ওরা বলেছিল এখানে অনুষ্ঠান করার মতো জায়গা নেই। অথচ এখানে তো ৫ লক্ষ লোক ধরে যাওয়ার কথা!”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছিলেন, “আমিও বাংলার মেয়ে। আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। মমতাদি আমার ছোটবোন। জানি না, আমার উপর কী রাগ। যাই হোক, কোনও অভিযোগ নেই। উনি ভাল থাকুন”। 

এরই পাশাপাশি বাংলায় জনজাতিদের অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিলেন দ্রৌপদী মুর্মু। তিনি বলেছিলেন, “আমার তো দেখে মনে হচ্ছে না এখানে সাঁওতাল সমাজ বা আদিবাসীরা সরকারি সুযোগ সুবিধা পান। তাঁরা আদৌ সরকারি সুযোগ বা সুবিধা পান কি না সে ব্যাপারে আমাদের সন্দেহ রয়েছে”।

পরে সন্ধেয় এর জবাব দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, “ম্যাডাম আমি দুঃখিত। আপনার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তবে মনে হচ্ছে, আপনি বিজেপির ফাঁদে পড়েছেন”। পরে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ান মমতা। তিনি সটান বলেন, “আপনি বিজেপির পরামর্শে ভোটের সময়ে রাজনীতি করবেন না”।

পর্যবেক্ষকদের মতে, বিজেপি মাপা কৌশলেই দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে সুর চড়াতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআরের প্রতিবাদে ধর্মতলায় ধর্না দিতে বসেছেন, তখন রাষ্ট্রপতিকে অপমানের প্রসঙ্গই বাকি সবটা ঢেকে দিচ্ছে। তা ছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গে বিপুল সংখ্যক জনজাতিকেও তৃণমূলের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছে বিজেপি।

প্রোটোকল ভঙ্গের অভিযোগ

এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে। এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। সূত্রের খবর, রবিবার বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। চিঠিতে রাষ্ট্রপতির সফরের সময়ে নিরাপত্তা এবং প্রোটোকল মানা হয়েছিল কি না, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

কেন্দ্রের দাবি, রাষ্ট্রপতি রাজ্যে পৌঁছনোর সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব বা রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন না। সরকারি নিয়ম অনুযায়ী এটি গুরুতর প্রোটোকল ভঙ্গ হিসেবে ধরা হয়।

‘ব্লু বুক’ নিয়ম নিয়েও প্রশ্ন

রাষ্ট্রপতির সফর সংক্রান্ত নিরাপত্তা ও প্রোটোকল একটি গোপন নথি অনুযায়ী পরিচালিত হয়। সেটি ‘ব্লু বুক’ (Blue Book) নামে পরিচিত। এই নথিতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত নিয়ম উল্লেখ থাকে। কেন্দ্রীয় সূত্রের দাবি, এই সফরে সেই নিয়মের কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে। বিশেষ করে অনুষ্ঠানস্থলের ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

শৌচাগার ও রাস্তা নিয়েও অভিযোগ

কেন্দ্রের তরফে আরও অভিযোগ করা হয়েছে, রাষ্ট্রপতির জন্য যে শৌচাগারের ব্যবস্থা করা হয়েছিল সেখানে জল ছিল না। এছাড়া তাঁর কনভয়ের রাস্তার ধারে নোংরা পড়ে থাকার কথাও উল্লেখ করা হয়েছে।  এই সব অভিযোগের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে পূর্ণ ব্যাখ্যা চেয়েছে কেন্দ্র।

পর্যবেক্ষকদের অনেকের মতে, এখানেও বিজেপি থেমে থাকবে বলে মনে হচ্ছে না। সোমবার থেকে এ ব্যাপারে রাজ্যে ও রাজ্যের বাইরে তথা রাজধানী দিল্লিতেও বিক্ষোভ কর্মসূচি নেবে কেন্দ্রে ক্ষমতাসীন দল। এ ব্যাপারে চন্দ্রবাবু নায়ডু মতো শরিকদেরও পাশে নিচ্ছে বিজেপি।


```