
নারায়ণ মূর্তির নাতি।
শেষ আপডেট: 18 April 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৭ মাস বয়সে ৩.৩ কোটি টাকা আয় করতে চলেছে এক শিশু! একাগ্র রোহন মূর্তির এই আয়ের উৎস হল, ইনফোসিসের লভ্যাংশ। কারণ, সে ভারতীয় আইটি জায়ান্ট ইনফোসিসের মালিক নারায়ণ মূর্তি, সুধা মূর্তির নাতি। একাগ্র এই বিপুল অঙ্কের লভ্যাংশ পেতে চলেছে তার দাদু নারায়ণ মূর্তির কাছ থেকে উপহার পাওয়া ১৫ লক্ষ টাকার শেয়ারের উপর ভিত্তি করে।
২০২৩ সালের নভেম্বর মাসে নারায়ণ-সুধার ছেলে রোহন মূর্তি এবং বৌমা অপর্ণা কৃষ্ণনের পুত্র একাগ্র জন্ম নেয় বেঙ্গালুরুতে। একাগ্রর দুই পিসতুতো দিদিও আছে, অনুষ্কা এবং কৃষ্ণা। তারা প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও নারায়ণ-কন্যা অক্ষতা মূর্তির কন্যা।
জানা গেছে, শুধু ২০২৪-২৫ অর্থবর্ষেই ইনফোসিস থেকে ১০.৬৫ কোটি টাকার লভ্যাংশ আয় করবে একাগ্র। বৃহস্পতিবার ইনফোসিস চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে, প্রতি শেয়ারে ২২ টাকা। ফলে একাগ্রর নামে থাকা ১৫ লক্ষ শেয়ারের হিসেবে তার আয় হবে ৩.৩ কোটি টাকা। এর আগেই সে তিনটি অন্তর্বর্তী লভ্যাংশ পেয়েছে, যা মিলিয়ে মোট ৭.৩৫ কোটি টাকা দাঁড়িয়েছে।
একাগ্র তাক জন্মের চার মাসের মাথায়, ২০২৪ সালের মার্চ নাগাদ এই শেয়ারগুলি পেয়েছিল। সেই সময় ১৫ লক্ষ শেয়ারের বাজারমূল্য ছিল ২৪০ কোটিরও বেশি।
ফলে সবমিলিয়ে একথা বলাই যায়, বর্তমানে দেশের অন্যতম কনিষ্ঠ কোটিপতি একাগ্র। মাত্র দেড় বছর বয়সেই তার আয় চোখ ধাঁধানো, আর তাতে উঠে আসছে ভারতের পরিবারভিত্তিক সম্পদ বিনিয়োগের চমকপ্রদ দৃষ্টান্তও।
এদিকে, ইনফোসিসের লভ্যাংশ ঘোষণার ফলে শুধু একাগ্রই নয়, মূর্তি পরিবারের অন্যান্য সদস্যরাও বিপুল অর্থ আয় করছেন। নারায়ণের মেয়ে অক্ষতা মূর্তি, যিনি কোম্পানির ৩.৮৯ লক্ষ শেয়ারের মালিক (১.০৪% অংশীদারিত্ব), তিনি পাচ্ছেন ৮৫.৭১ কোটি টাকা। নারায়ণ মূর্তি নিজে পাচ্ছেন ৩৩.৩ কোটি টাকা। তাঁর স্ত্রী সুধা মূর্তি পাচ্ছেন ৭৬ কোটি টাকা।
১৯৮১ সালে মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগে শুরু হওয়া ইনফোসিস আজ ভারতের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা। সেই সময় সুধা মূর্তি তাঁর স্বামীকে নিজের সঞ্চয়ের টাকা দিয়েই কোম্পানি শুরু করতে সাহায্য করেন। পরবর্তীতে তিনি ইনফোসিস ফাউন্ডেশনের নেতৃত্ব দেন দীর্ঘ ২৫ বছর ধরে এবং ২০২১ সালে অবসর নেন।
নারায়ণ-সুধার নাতি একাগ্র মূর্তির এই কোটিপতি হওয়ার ঘটনা শুধুমাত্র সম্পদের উত্তরাধিকার নয়, একটি বড় কর্পোরেট পরিবারের আর্থিক পরিকল্পনারও নিখুঁত উদাহরণ।