
Naib Singh Saini
শেষ আপডেট: 12 March 2024 23:52
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় নয়া চমক বিজেপির। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের পদত্যাগের পর মঙ্গলবার বিকেলে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নায়েব সিং সাইনি। এদিন বিকেলে ৫৪ বছর বয়সি সাইনি রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। তার আগেই বিজেপি তাঁকে বিধানসভার দলনেতা নির্বাচিত করে।
অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রভাবশালী নেতা সাইনি কুরুক্ষেত্রের এমপি। গতবছরের অক্টোবরে রাজ্য বিজেপির সভাপতি হন। সদ্য প্রাক্তন খট্টরের অত্যন্ত ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। এদিন দুপুরের পর বিজেপির পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনক্রমে তাঁকে দলনেতা ঠিক করা হয়। ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা এবং জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ।
#WATCH | Haryana BJP president Nayab Singh Saini takes oath as the Chief Minister of Haryana, at the Raj Bhavan in Chandigarh. pic.twitter.com/ULZm5kqwLG
— ANI (@ANI) March 12, 2024
পরপর দুবারের মুখ্যমন্ত্রী খট্টরের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া উঠতে পারে, তা আঁচ করেই লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মুখ বদল বিজেপির। প্রসঙ্গত, লোকসভার পর এ বছরের শেষ নাগাদ বিধানসভা ভোটও আছে হরিয়ানায়। গুজরাত ও উত্তরাখণ্ডেও ভোটের আগে একইভাবে মুখ্যমন্ত্রী বদল করেছিল দল।