
প্রতীকি ছবিটি
শেষ আপডেট: 8 January 2025 19:54
দ্য ওয়াল ব্যুরো: ২৮ তম বিবাহ বার্ষিকী পালন করার পর আত্মঘাতী হলেন মহারাষ্ট্রের এক দম্পতি। রেখে গেছেন দুটি সুইসাইড নোট। নিজেদের বিয়ের পোশাক করে আত্মহত্যা করেছেন তাঁরা। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তখনও কাটেনি পার্টির হ্যাংওভার। আত্মীয়রা বাড়ি গিয়ে ঘুমোতে পারেননি। রাতের খাবার দাবারও ফ্রিজে পড়ে। বাসন পত্র ছড়িয়ে চারিদিকে। সোমবার সারাদিন ২৮ তম বিবাহ বার্ষিকী পালন করার পর সোমবার রাতে আত্মঘাতী হন মহারাষ্ট্রের মার্টিন নগরের দম্পতি।
ঠিক কেন এই চরম সিদ্ধান্ত তা এখনও বুঝে উঠতে পারছেন না আত্মীয়রা। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মীয় ও বন্ধুরা রাতে চলে যাওয়ার পর তাঁরা নিজেদের বিয়ের পোশাকে সেজেছিলেন। তারপর আত্মঘাতী হন।
পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে ৪৫ বছর বয়সি মহিলা আত্মঘাতী হন। তাঁর দেহ নামিয়ে একটি কাপড় দিয়ে ঢেকে তাতে ফুল দিয়ে তারপর ৫৬ বছর বয়সি ব্যক্তি আত্মহত্যা করেন।
দুজনে মৃত্যুর আগে একটি ভিডিও করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ও আত্মীয়দের পাঠিয়ে দেন। এর সঙ্গে দুটি সুইসাইড নোটও আপলোড করেন এবং স্টেটাসে স্ট্যাম্প পেপারের ছবি শেয়ার করেন।
সুইসাইড নোটে সমস্ত সম্পত্তির তথ্য ও কীভাবে বিভাজন করা সম্ভব, উল্লেখ করে দেন তাঁরা। যাতে কারও কোনও সমস্যা না হয়।
প্রতিবেশী ও আত্মীয়দের কথায়, তাঁদের কোনও সন্তান ছিল না। সেই নিয়ে একটা দুশ্চিন্তা ছিলই। ওই ব্যক্তি শেফ হিসেবে কাজ করেছেন বহু বছর কিন্তু লকডাউনে চাকরি চলে যায়। তারপর থেকে আর চাকরি করেননি তিনি। বাড়িতে সুদের টাকা দিয়েই দিন চালাতেন। মহিলা বাড়ি সামলাতেন।
হঠাৎ এমন পদক্ষেপে হতবাক তাঁদের আত্মীয়রা। কয়েক ঘণ্টা আগে হাসিখুশি দেখা মানুষ দুটো আর নেই, কেউ বিশ্বাস করতে চাইছেন না।
পুলিশ এই ঘটনায় একটি অস্বাভিক মৃত্যুর মামলা দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে।