
গুজরাতের ভদোদরায় সাম্প্রদায়িক বিভাজন
শেষ আপডেট: 14 June 2024 16:43
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের ভদোদরায় একটি আবাসন কমপ্লেক্সে ফ্ল্যাট বণ্টনকে ঘিরে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হয়েছে।
শহরের হরনি এলাকার মোটনাথ রেসিডেন্সিতে ৪৬২টি ফ্ল্যাট বণ্টন করা হয়েছে লটারির মাধ্যমে। লটারিতে একজন মুসলিম মহিলা একটি ফ্ল্যাট পেয়েছেন। বাকি ৪৬১ ফ্ল্যাট মালিকের দাবি মুসলিম মহিলার বুকিং বাতিল করতে হবে। তা করা না হলে তারা ওই আবাসনে থাকবেন না। আপত্তি তোলা ৪৬১ ফ্ল্যাট মালিক হিন্দু। তাদের বক্তব্য, সেখানে তারা ভিন্ন ধর্মের কাউকে থাকতে দেবেন না৷
হিন্দুরা একটি বিশেষ আইনের উল্লেখ করে অভিযোগ করছেন, ফ্ল্যাট বন্টনে ওই আইন লঙ্ঘন করেছে স্থানীয় প্রশাসন।
অশান্ত ক্ষেত্র নামে সংশ্লিষ্ট আইনে বলা হয়েছে, গুজরাতের যে সব এলাকায় দুই ধর্মীয়, জাতিগত কিংবা অন্য কোনও কারণে ধারাবাহিক সংঘাতের নজির রযেছে সেখানে জমি, বাড়ি, সম্পত্তি কেনা, সরকারি দফতরে নথিভুক্তির আগে স্থানীয়দের মতামত নিতে হবে। সেই মতামতের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। বলা হয়েছে, ভবিষ্যতে অশান্তি এড়াতেই এই আইন তৈরি করা হয়।
ভদোদরার আবাসনটির সমস্যা ভিন্ন। ফ্ল্যাট বণ্টনের লটারি হয়েছিল ২০১৮ সালে। অশান্ত এলাকা আইন তখন ছিল না। ফলে কর্তৃপক্ষ মহিলার বুকিং বাতিল করতে পারছে না।
কিন্তু হিন্দু ফ্ল্যাট মালিকেরা নাছোড়। তাদের বক্তব্য, মুসলিম মহিলাকে ওই সোসাইটিতে ফ্ল্যাট দেওয়া যাবে না।
এই ঘটনায় প্রশাসন বিপাকে পড়লেও আসলে গুজরাতে হিন্দু এলাকা থেকে মুসলিমদের বিতাড়িত করার ধারাবাহিক প্রচার আছে। গুজরাত দাঙ্গার পর এমনীতেই দুই সম্প্রদায় মিশ্র এলাকায় বসবাস কমিয়ে দিয়েছে। বিশ্বহিন্দু পরিষদের একদা আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তেগাড়িয়া প্রকাশ্যেই হিন্দুদের আহ্বান জানিয়েছিলেন, মুসলিমদের কাছে জমি, বাড়ি বিক্রি না করতে।