
লস্কর-ই-তোইবার জঙ্গি তাহাউর রানা
শেষ আপডেট: 9 April 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালের মুম্বই হামলার মূল চক্রী লস্কর-ই-তোইবার জঙ্গি তাহাউর রানাকে আজ, বুধবার ভারতে ফেরত আনা হচ্ছে। সে কারণে দিল্লি ও মুম্বইয়ের দুটি জেলকে ইতিমধ্যেই সাজিয়ে-গুছিয়ে রাখা হচ্ছে। বুধবার গভীর রাত অথবা মধ্যরাতের মধ্যের সম্ভবত তাহাউরকে নিয়ে এনআইএ টিম পৌঁছে যাবে। এনআইএ-র তিন শীর্ষ অফিসার ও তিনজন গোয়েন্দা সংস্থার অফিসার ইতিমধ্যেই প্রত্যপর্ণের আইনি কাজ সারতে আমেরিকায় রয়েছেন। গোটা বিষয়টির উপর নজর রাখছেন খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
ভারতের মাটিতে পা রাখার পর অনুমান, তাহাউরকে কয়েক সপ্তাহ এনআইএ হেফাজতে রাখা হবে। তবে দিল্লি না মুম্বইয়ের জেলে তার ঠাঁই হবে, তা ঠিক হবে একেবারে শেষ মুহূর্তে। মোট কথা মার্কিন সুপ্রিম কোর্টে ৬৪ বছরের কানাডিয়ান-পাকিস্তানি ব্যবসায়ী তাহাউরের সব ধরনের আবেদন নাকচ হয়ে গিয়েছে। লস্করের এই সদস্য তাহাউর আগে পাকিস্তানি সেনাবাহিনীতে ডাক্তারের চাকরি করত।
এনআইএ-র আইজি পদমর্যাদার অফিসার আশিস বাটরা, ডিআইজি মর্যাদার জয়া রায় এবং একজন ডেপুটি এসপি পদমর্যাদার অফিসার সহ আরও তিন গোয়েন্দা অফিসার রবিবারেই সারেন্ডার ওয়ারেন্ট হাতে পেয়ে আমেরিকা চলে গিয়েছেন। কোনও পলাতক আসামিকে বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দিতে এই ওয়ারেন্টের প্রয়োজন হয়।
সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে তাহাউরকে জেরা করতে পারে এনআইএ। সে কারণে তিহার জেলে একটি বিশেষ গারদ তার জন্য তৈরি রাখা হচ্ছে। গোটা জেলের নিরাপত্তা ইতিমধ্যেই দশগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হাই সিকিউরিটি ওয়ার্ডের যে গারদে তাকে রাখা হবে তাতে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রাখা হচ্ছে। ঘরের সঙ্গেই থাকবে সংলগ্ন বাথরুম। মনিটরে এখন গারদের বাইরে সর্বক্ষণ নজর রাখা হবে।