
শেষ আপডেট: 30 October 2023 23:24
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ তুলেছিল মহারাষ্ট্রের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা। সেই অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করে মুম্বইয়ের নিম্ন আদালত। সোমবার সেই আদালতই বিজেপি নেতার মামলা খারিজ করে দিল। জানাল, এটা কোনও অপরাধই নয়!
২০২১ সালের পয়লা ডিসেম্বর মুম্বইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তার অভিযোগ ছিল, সেখানে জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়াননি বাংলার মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই তিনি মঞ্চ ছেড়ে চলে যান।
এই ইস্যুতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি চেয়ে মাজগাঁও নগর ও দায়রা আদালতের দ্বারস্থ হন ওই পদ্ম নেতা। মুম্বই নেতার এই অভিযোগকে হাতিয়ার করে বিজেপির কেন্দ্রীয় নেতারাও সরব হয়েছিলেন।
চলতি বছরের ২ মার্চ এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করে ওই নিম্ন আদালত। সেই সমনকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেন মমতা। তাঁর আবেদন ছিল এই মামলা খারিজ করা হোক। যদিও বম্বে হাইকোর্ট মমতার আর্জি খারিজ করে দেয়। সোমবার বিজেপির করা সেই মামলাই মাজগাঁও নগর ও দায়রা আদালতে খারিজ হয়ে যায়।