
মুখতার আনসারি - ফাইল চিত্র
শেষ আপডেট: 29 March 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে জেলবন্দি অবস্থায় মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টার তথা পাঁচবারের বিধায়ক মুখতার আনসারির। হৃদরোগে আক্রান্ত হয়ে এই মৃত্যু বলে জানিয়েছে হাসপাতাল। কিন্তু আনসারির ছেলের উমরের দাবি, বিষ দেওয়া হত তাঁকে জেলের মধ্যেই। মুখতারের পরিবার এই ইস্যুতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
উত্তরপ্রদেশের বান্দার এক কারাগারে বন্দি ছিলেন মুখতার আনসারি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বমি হয়েছিল। জেল কর্তৃপক্ষ তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সময়মতো চিকিৎসা শুরু করেও কোনও লাভ হয়নি। উমর দাবি করেছেন, জেলের খাবারে বিষ মেশানো হয়েছিল। সেই খাবার খেয়েই তাঁর বাবার মৃত্যু হয়েছে। যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি এও জানান, মৃত্যুর খবর প্রশাসনের তরফে তাঁদের জানানো হয়নি। এই ব্যাপারে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
উমর আরও বলেছেন, ক'দিন আগেও জেলে বাবার সঙ্গে দেখা করতে গেছিলেন তিনি। কিন্তু তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। কী কারণে তাঁকে বাধা দেওয়া হয়েছিল সেটাও স্পষ্ট করে জানায়নি পুলিশ। উমর অভিযোগ করেছেন, অন্তত দু'বার তাঁর বাবাকে বিষ দেওয়া হয়েছে জেলে। তাই তিনি এই মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। মুখতারের ভাই তথা গাজিপুরের সাংসদ আফজল আনসারিও সম্প্রতি এই অভিযোগ তুলেছিলেন।
তোলাবাজি, অপহরণ, খুনের মতো বিভিন্ন অপরাধে যুক্ত ছিলেন মুখতার আনসারি। তাঁর নিজস্ব একটি গ্যাং ছিল যারা উত্তরপ্রদেশের মউ, গাজিপুর, বারাণসী এবং জৌনপুর এলাকা জুড়ে সন্ত্রাস চালাত। পরে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির হয়ে নির্বাচনে লড়েন মুখতার। বিধায়কও নির্বাচিত হন। তবে ২০০৪ সালে সন্ত্রাস প্রতিরোধ আইনে অভিযুক্ত হয়ে তিনি জেলবন্দি হয়েছিলেন। তারপর থেকে আর জেলের বাইরের মুখ দেখেননি তিনি।