
শেষ আপডেট: 4 December 2023 15:02
দ্য ওয়াল ব্যুরো: এখনও আছড়ে পড়েনি ঘূর্ণিঝড়, কিন্তু তাণ্ডবলীলা শুরু হয়ে গেছে আগেভাগেই। আজ সোমবার তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার কথা রয়েছে এই মিগজাউমের। কিন্তু তার প্রভাবে রবিবার থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই সহ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। লাগাতার বৃষ্টিতে কার্যত বানভাসি অবস্থা পুরো শহরের। সেই বৃষ্টির মধ্যেই রাস্তায় উঠে এল কুমির! বৃষ্টিভেজা রাস্তায় তাকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
লাগাতার প্রবল বৃষ্টির জেরেই মাগার কুমিরটি জল ছেড়ে ডাঙায় উঠে এসেছে বলে অনুমান প্রাণীবিদদের। রবিবার জলমগ্ন আঁধার রাস্তায় তাকে চলেফিরে বেড়াতে দেখতে পান পথচারীরা। ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন অনেকেই। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এরপরেই বন্যপ্রাণী বিভাগকে খবর দেওয়া হয়।
তামিলনাড়ুর বন সচিব সুপ্রিয়া সাহু যদিও জানিয়েছেন, এই কুমির সাধারণত মানুষকে আক্রমণ করে না। "চেন্নাইয়ের বেশ কয়েকটি জলাশয়ে কয়েকটি মাগার কুমির রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে প্রবল বৃষ্টিতে জলাশয় উপচে পড়ার কারণেই এই কুমিরটি রাস্তায় বেরিয়ে এসেছে।এই প্রাণীগুলোকে নিজেরদের মতো থাকতে দিলে এবং কোনওভাবে উত্যক্ত না করলে মানুষের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই," জানিয়েছেন তিনি।
Crocodile???? on the streets of Chennai.#CycloneMichuang pic.twitter.com/ohLGpu4sMG
— Manobala Vijayabalan (@ManobalaV) December 4, 2023
রবিবার থেকে চেন্নাই ও সংলগ্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তার জেরে জনজীবন বিপর্যস্ত, বাড়িঘর, রাস্তা, দোকান ভেসে গেছে। স্কুল কলেজ বন্ধ, এমনকী, যাঁদের পক্ষে সম্ভব, সেই সমস্ত চাকরিজীবীদের বাড়ি থেকেই কাজ করার কথা বলা হয়েছে অফিসের তরফে। এমনকী, চেন্নাই বিমানবন্দরের রানওয়েটাই চলে গেছে জলের তলায়। শুধু রানওয়ে নয়, বিমান পার্ক করার যে জায়গা, সেটিও পুরোপুরো ডুবে গেছে। তার জেরে ৭টি বিমান বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি বিমানকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চেন্নাই ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বাংলায় পড়বে না বলে জানিয়েছে মৌসম ভবন। তবে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতায়। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে।