.webp)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী মোহন মাঝি।
শেষ আপডেট: 12 June 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আদিবাসী নেতা তথা চারবারের বিধায়ক মোহনচরণ মাঝি। ভুবনেশ্বরের জনতা ময়দানে বিকেল পাঁচটা নাগাদ তিনি শপথ নেন। প্রবীণ নেতা তথা পত্নগড়ের বিধায়ক কেভি সিংদেও এবং নিমাপাড়ার বিধায়ক প্রভাতী পরিদা উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন।
তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রঘুবর দাস। মোদী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং, ভূপেন্দর যাদব, ধর্মেন্দ্র প্রধান, জুয়েল ওরাওঁ, অশ্বিনী বৈষ্ণব প্রমুখ। এদিন মোট ১৬ জন মন্ত্রী শপথ নেন। তাঁদের মধ্যে ৯ জনই প্রথমবার বিধায়ক হয়েছেন।
প্রসঙ্গত, এদিনই দুপুরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নেন নর চন্দ্রবাবু নাইডু। নাইডু ছাড়াও ২৪ জন বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসেবে এদিন শপথ নেন। তারমধ্যে ১৭ জনই নতুন মুখ। জনসেনা নেতা পবন কল্যাণ উপমুখ্যমন্ত্রী হয়েছেন। নাইডু মন্ত্রিসভায় তিনজন মহিলা, ৮ জন অনগ্রসর শ্রেণি, ২ জন তফসিলি জাতি, একজন তফসিলি উপজাতি এবং এক মুসলিমকে মন্ত্রী করা হয়েছে।
বিজয়ওয়াড়ার গন্নবরম বিমানবন্দরের কাছে এক অনুষ্ঠানে চন্দ্রবাবুর ছেলে নর লোকেশও ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন। জোটধর্ম বজায় রাখতে জনসেনা ও বিজেপি দুই শরিক দলকেই ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রিত্ব দেওয়া হয়।
এদিন দুপুরে মোহন মাঝি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নবীনকে তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আসেন। সূত্রে জানা গিয়েছে, ২৪ বছর ভুবনেশ্বরের রাজদণ্ড হাতে রেখে দেওয়া নবীন শপথ নিতে চলা আদিবাসী নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবীনের থেকে বয়সে অনেক ছোট মোহন তাঁর আশীর্বাদ ও সহযোগিতা প্রার্থনা করেন। সৌজন্য বজায় রেখে শপথ অনুষ্ঠানে হাজিরও ছিলেন নবীন।