.webp)
শেষ আপডেট: 6 February 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বাজেটের ওপর বক্তৃতা রাখতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ১০ বছরের আমলের কাজের খতিয়ান তুলে ধরে মোদী দাবি করেছিলেন, "কংগ্রেস ভাবতেই পারবে না কী গতিতে কাজ হয়েছে। এই সরকার ১০ বছরে যে কাজ করেছে, তা কংগ্রেসের করতে ১০০ বছর লাগবে।"
শুধু এখানেই না থেমে ইউপিএ জমানার অর্থনৈতিক অব্যবস্থাপনা নিয়ে এবার শ্বেতপত্রও প্রকাশ করতে চলেছে মোদী সরকার। এজন্য সংসদের বাজেট অধিবেশন একদিন অতিরিক্ত বাড়ানো হচ্ছে।
সংবাদসংস্থা এনআইএ সূত্রের খবর, লোকসভা ভোটের আগে কংগ্রেসকে আরও দুর্বল করতে এবার ইউপিএ সরকারের আমলের অর্থনৈতিক অব্যবস্থাপনা নিয়ে সংসদে 'শ্বেতপত্র' প্রকাশ করবে মোদী সরকার। এ কারণে সংসদের অধিবেশনও একদিন বাড়ানো হয়েছে। শ্বেতপত্রটির মাধ্যমে ইউপিএ সরকারের সময়কালের অর্থনৈতিক অব্যবস্থাপনা সংক্রান্ত ভারতের অর্থনৈতিক দুর্দশা এবং অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাবগুলি সম্পর্কে বিস্তারিত বর্ণনা তুলে ধরতে চাইছে মোদী সরকার।
Modi government will bring a 'white paper' on the economic mismanagement of the UPA government. The session of Parliament has also been extended for one day for this very reason. The White Paper will elaborate on India's economic misery and its negative impacts on the economy…
— ANI (@ANI) February 6, 2024
সংবাদসংস্থা এআইএ-র টুইটের পর খবরের সত্যতা স্বীকার করে নিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, বাজেট অধিবেশন ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাজেট ভাষণে অতীতের ইউপিএ জমানার প্রসঙ্গ টেনে সোমবার মোদী দাবি করেছিলেন, "ভারত যে গতিতে এগোচ্ছে তাতে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমাদের তৃতীয় মেয়াদে, ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। এটা মোদীর গ্যারান্টি।"
যদিও মোদীর এই ভাষণকে নির্বাচনী ভাষণ আখ্যা দিয়ে কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, "সত্যি হল যে ১০ বছরের মেয়াদের পরে, প্রধানমন্ত্রী মোদীর কাছে এমন কোনও রিপোর্ট কার্ড নেই যার ভিত্তিতে তিনি ভোট চাইতে পারেন৷ তাঁর ১১০ মিনিটের ভাষণে বারে বারে কংগ্রেসের নাম উচ্চারণ করে তিনি প্রমাণ করেছেন কীভাবে তিনি কংগ্রেসকে ভয় পান।"