
শেষ আপডেট: 29 December 2023 12:46
দ্য ওয়াল ব্যুরো: ২০১৪-তে ছিল ‘আব কি বার মোদী সরকার।’ ‘আব কি বার ৩০০ পার’, ছিল ২০১৯-এর স্লোগান। ২০২৪-এর জন্য আসছে ‘ফির আয়েগা মোদী’।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির মূল স্লোগান হতে চলেছে ‘ফির আয়েগা মোদী’। এরজন্য ১০ মিনিটের একটি ভিডিও তৈরি করেছে সর্ব ভারতীয় বিজেপির সোশ্যাল মিডিয়া সেল। সেই ভিডিও’র মূল কথাই হল মোদীর তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
ভিডিও’টিতে হিন্দুত্বের সঙ্গেই উন্নয়নকে আষ্টেপৃষ্ঠে জুড়ে দেওয়া হয়েছে। শুরুতেই রয়েছে প্রধানমন্ত্রীর মন্দিরে পুজো দেওয়ার দৃশ্য। নির্মিয়মাণ রাম মন্দির এবং বিভিন্ন মন্দিরে মোদীর পুজো দেওয়ার দৃশ্য। এরপর পর্যায়ক্রমে এসেছে মোদী সরকারের দু-দফার কাজের বর্ণনা। তাতে অযোধ্যায় রাম মন্দির, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, তিন তালাক বিরোধী আইনের বিষয় যেমন আছে, তেমনই আছে নানা সামাজিক কল্যাণের কথা।
দেশে টানা তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড আছে একমাত্র জওহরলাল নেহরুর। মোদী সেই রেকর্ড ছুঁতে পারবেন কি না লাখ টাকার প্রশ্ন। মোদী যে প্রয়াত প্রধানমন্ত্রীকে কথায় কথায় দেশের নানা সমস্যার জন্য কাঠগড়ায় তুলে থাকেন। সংসদের সর্বশেষ শীতকালীন অধিবেশনেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর প্রসঙ্গে আলোচনায় প্রথম প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন।
বিজেপি এবার চারশো আসনে জিতে সংসদ দখলের সংকল্প ঘোষণা করেছে। সেই মতো প্রতিটি রাজ্য থেকে আসন প্রাপ্তির লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে দল। যেমন বাংলা থেকে ৩৫টি আসনে জেতার জন্য ঝাঁপাবে পদ্ম শিবির। সে জন্য ‘আব কি বার, চারশো পার’ স্লোগান অবশ্যই থাকবে।
তবে দলের প্রচার বিশেষজ্ঞরা মনে করছেন, আসন নিয়ে প্রত্যাশা প্রচারের পাশাপাশি ভোটারদের মধ্যে এই ধারণা তৈরি জরুরি যে মোদীর ফের দিল্লির কুর্সিতে বসা স্রেফ সময়ের অপেক্ষা। ২০২৪-এর স্বাধীনতা দিবসে তিনিই ফের লালকেল্লায় জাতীয় পতাকা তুলবেন। ভিডিওটিও সেই ভাবনা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠান বিরোধিতা ছাপিয়ে বর্তমান সরকারের অনুকূলে জনমত তৈরির যাবতীয় রসদ তাতে আছে।
‘ফির আয়েগা মোদী’ স্লোগানের মধ্যে সংখ্যালঘুদের বার্তা দেওয়ার চেষ্টা আছে বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। বিজেপি এবার সংখ্যালঘুদের ভোট পেতে নানা ভাবে চেষ্টা করে চলেছে। তাতে কতটা সাড়া মিলবে, পার্টি সে ব্যাপারে এখনও নিশ্চিত নয়। তাই মোদী ফের আসছেন, এই স্লোগান প্রচার করে সংখ্যালঘুদের বার্তা দেওয়া হচ্ছে, বিজেপির ব্যাপারে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে এবারের লোকসভা ভোটে। কারণ আগামী পাঁচ বছর তাদের বিজেপি সরকারের সঙ্গেই ঘর করতে হবে।