
বিদেশে পেঁয়াজ পাঠানোর উপর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিল ভারত সরকার
শেষ আপডেট: 4 May 2024 15:24
দ্য ওয়াল ব্যুরো: বিদেশে পেঁয়াজ পাঠানোর উপর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিল ভারত সরকার। কেন্দ্রের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের অফিস শনিবার নিধেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে।
মাস ছয়েক আগে জারি হওয়া নিষেধাজ্ঞায় বাংলাদেশ, ভুটান-সহ কয়েকটি দেশে রপ্তানিতে অনুমতি দেওয়া হয়েছিল। পুরোপরি রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল শনিবার। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড জানিয়েছে, শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে।
মাস ছয়েক আগে নিষেধাজ্ঞা জারির সময় বণিক মহল থেকে বলা হয়েছিল, লোকসভা নির্বাচনের সময় দেশে পেঁয়াজের জোগান স্বাভাবিক রাখতেই রপ্তানি বন্ধ করা হয়েছে। এখনও চাল রপ্তানির উপর আংশিক নিষেধাজ্ঞা জারি আছে। নিষেধাজ্ঞা আছে চিনির উপরও।
লোকসভা ভোট শেষ হতে এখনও প্রায় এক মাস বাকি। এই সময় কেন পেঁয়াজের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল? বিরোধীদের একাংশের বক্তব্য, এই সিদ্ধান্তের পিছনেও আছে ভোটের অঙ্ক। ভারতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় মহারাষ্ট্রে। ওই রাজ্যে এখনও বেশিরভাগ আসনে ভোট হয়নি। পেঁয়াজে রপ্তানি নিষেধাজ্ঞায় মহারাষ্ট্রের চাষিরা অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে তারা খুশি হবেন বলে মনে করা হচ্ছে।
রাজ্যের পেঁয়াজ চাষিরা অত্যন্ত শক্তিশালী। তাদের অসন্তুষ্ট করে মহারাষ্ট্রে ভাল ফল করা কঠিন। তার উপর মহারাষ্ট্রে এবার বিরোধী কংগ্রেস, এনসিপি এবং শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর মধ্যে আসন বোঝাপড়া ভাল হয়েছে। বিজেপি নেতাদের এই দিকটিও বিবেচনায় রাখতে হয়েছে। তারা আশা করছেন শেষ দফার ভোট পর্যন্ত পেঁয়াজের দাম তিরিশ-পঁয়ত্রিশ টাকার মধ্যেই থাকবে।