
শেষ আপডেট: 19 November 2023 16:32
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের দিনে রাজনীতির মাঠেও ক্রিকেটকে টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থান কংগ্রেসকে তুলনা করলেন আত্মঘাতী ক্রিকেট টিমের সঙ্গে। প্রধানমন্ত্রী বলেন, এ রাজ্যে কংগ্রেস হল সেই ক্রিকেট টিমের মতো যাদের ব্যাটসম্যানেরা একে অপরকে রান আউট করার চেষ্টায় মেতে থাকে। একজন আর একজনকে ফাঁদে ফেলার চেষ্টা করে।
বলাইবাহুল্য, প্রধানমন্ত্রী নিশানা করতে চেয়েছেন কংগ্রেসের দুই মহারথী মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটকে। দু’জনের বিবাদ কারও অজানা নয়। যদিও নির্বাচনকে সামনে রেখে গেহলট-পাইলট আপাতত রণে ভঙ্গ দিয়েছেন বলে খবর।
আবার দলীয় সূত্রের খবর, গেহলট প্রচারে দলের তুলনায় তাঁর সরকারের কৃতিত্বকে বড় করে তুলে ধরায় বেজায় চটে আছেন শচীন। তিনি নিজের টঙ কেন্দ্রের প্রচারে বেশি সময় দিচ্ছেন। রাজ্যের অন্যত্র প্রচারে তাঁকে সেভাবে দেখা যাচ্ছে না।
কংগ্রেস সূত্রের খবর, শচীন আসলে বুঝে গিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলেও তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবারও কম। তাই দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যাপারে তাঁর আগ্রহ তেমন একটা নেই। যদিও শচীন নিজে এই অভিযোগ বারে বারে অস্বীকার করেছেন। রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধীও একের পর এক সভায় দাবি করছেন, মরুরাজ্যের কংগ্রেস ঐক্যবদ্ধ। কোনও বিরোধ নেই। কংগ্রেসকে মানুষ ক্ষমতায় রেখে দিচ্ছে।
যদিও কংগ্রেসের এই এক্য বার্তাকেই বারে বারে আঘাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর রবিবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখতে আমদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে থাকার কথা। সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও।
তার আগে দুপুরে রাজস্থানের চুরু জেলার তারানগরে প্রধানমন্ত্রী নির্বাচনী সভায় কংগ্রেসের অন্দরে অশান্তি নিয়ে সরব হন। তিনি বলেন, কংগ্রেস এবং সদিচ্ছা হল পরস্পর বিরোধী, অনেকটা আলো আর অন্ধকারের মতো, কোনও মিল নেই। প্রধান বিরোধী দলকে আত্মঘাতী ক্রিকেট টিমের সঙ্গে তুলনা টেনে বলেন, এই দলে ব্যাটসম্যানেরা একে অপরকে রান আউটের ফাঁদে ফেলতে ব্যস্ত থাকে। অশান্তি চলতেই থাকে এই দলে।