
নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 23 August 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী সরকার কি এবার পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনতে চলেছে? কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন নয়া পেনশন নীতি বাতিল করে পুরনো ব্যবস্থা ফেরানো হোক। কংগ্রেস শাসিত বহু রাজ্য তাদের কর্মচারীদের জন্য পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে এনেছে। লোকসভা ভোটে কংগ্রেস প্রতিশ্রুতি দেয় তারা ক্ষমতায় এলে সারা দেশেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্যও পুরনো ব্যবস্থা চালু করা হবে।
সরকারি সুত্রের খবর, পুরনো পেনশন ব্যবস্থা চালু করার বিষয়ে আলোচনার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার কর্মচারী নেতাদের বৈঠকে ডেকেছেন। বৈঠকের আমন্ত্রণপত্রে এই বিষয়ে আলোচনার কথাই বলা আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশা করছেন প্রধানমন্ত্রী এই ব্যাপারে সুখবর দেবেন।
আর প্রত্যাশা মিলে গেলে সরকারি কর্মচারীদের জন্য তা হবে এক বিরাট বিজয়। বাজেট ভাষণে এই বিষয়ে সামান্য আভাস দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে কেন্দ্রীয় সরকার অর্থসচিবের নেতৃত্বাধীন একটি কমিটিকে পুরনো পেনশন ব্যবস্থা চালুর বিষয়টি খতিয়ে দেখতে বলে। সেই কমিটির ইতিবাচক রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে।
ওয়াকিবহাল মহল মনে করছে, শেষ পর্যন্ত মোদী সরকার কর্মচারীদের দাবি মেনে নিয়ে পেনশনের পুরো দায় সরকারের ঘাড়ে নিলে বিজেপির পাশাপাশি তাতে রাজনৈতিকভাবে লাভবান হবে কংগ্রেসও। বিশেষ করে রাহুল গান্ধী বিগত দু-তিন বছর ধরে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের আশ্বাস দিয়ে আসছিলেন, কংগ্রেস পুরনো পেনশন ব্যবস্থা ফেরাতে চায়। কেন্দ্রের উপর প্রবল চাপ তৈরি করেছিলেন তিনি।
নতুন ও পুরনো পেনশন ব্যবস্থার মধ্যে ফারাক কী? মূল ফারাক হল আর্থিক দায়ের। ২০০৪ সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার নয়া পেনশন স্কিম চালু করে বলে ওই বছরের ১ এপ্রিল থেকে যারা সরকারি চাকরিতে নিযুক্ত হবেন তাদের পেনশনের অর্থ কর্মচারীর বেতন থেকেই কেটে নেওয়া হবে। সেই অর্থ চারটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে সরকার গচ্ছিত রাখবে। অবসরের পর সেই সংস্থা কর্মচারীদের পেনশন দেবে। বছর দুই আগে থেকে নয়া স্কিমে পেনশন পেতে শুরু করেছেন কর্মচারীরা। দেখা গিয়েছে, পেনশনের পরিমাণ নামমাত্র।
২০০৪- কেন্দ্র নয়া পেনশন স্কিম চালুর পর একের পর এক রাজ্য সরকার তা অনুসরণ করে। কিন্তু বাংলা, ত্রিপুরা ও কেরলের বাম সরকার সেই পথে হাঁটেনি। পরে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও নয়া পেনশন স্কিম চালু করেনি। ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর নয়া পেনশন স্কিম চালু হয়।
মোদী সরকার দীর্ঘদিন ভিন্ন পথে হেঁটে এখন কেন পুরনো পেনশন স্কিম ফেরাতে চাইছে? সরকারি সুত্রের খবর, লোকসভা ভোটের খারাপ ফল তো আছেই, চলতি বছরে গুরুত্বপূর্ণ চার রাজ্য মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট। বিজেপি বিধানসভায় ভাল ফল করতে মরিয়া। পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস ইতিমধ্যে বিজেপির মাটি অনেকটা দখল করেছে। সেই কারণেই পদ্ম শিবির বেশ কয়েক মাস ধরে এই বিষয়ে ভিন্ন ভাবনাচিন্তা শুরু করে।