
নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 11 June 2024 23:22
দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটতেই সমাজমাধ্যম থেকে ‘মোদী কা পরিবার’ লেখা মুছে ফেলার জন্য বিজেপির নেতা-কর্মীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।
শুধু কর্মী-সমর্থকদের নির্দেশ দেওয়া নয়, নিজের ফেসবুক প্রোফাইলের পিকচার আর কভার ফোটোয় এতদিন জ্বলজ্বলে করে থাকা ‘মোদী কা পরিবার’ও সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী।
কেন এই 'বদল', মঙ্গলবার টুইটে তার ব্যাখ্যাও দিয়েছেন মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘নির্বাচনের সময় দেশজুড়ে মানুষ আমার প্রতি ভালবাসা থেকে সোশ্যালমাধ্যমে তাঁদের ‘মোদী কা পরিবার’ হিসাবে উল্লেখ করেছে। এর থেকে আমি অনেক শক্তি অর্জন করেছি। দেশের মানুষ পর পর তিনবার এনডিএ-কে সরকার গড়ার জন্য সংখ্যাগরিষ্ঠতা দিয়ে নজির গড়েছেন।"
Through the election campaign, people across India added 'Modi Ka Parivar' to their social media as a mark of affection towards me. I derived a lot of strength from it. The people of India have given the NDA a majority for the third consecutive time, a record of sorts, and have…
— Narendra Modi (@narendramodi) June 11, 2024
এরপরই ‘মোদী কা পরিবার’ লেখা মুছে ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, "ভারতের অগ্রগতির জন্য অভিন্ন পরিবার হিসাবে আমাদের বন্ধন দৃঢ় এবং অটুট থাকবে।’’
পর্যবেক্ষকদের মতে, ভোটের সময় তিনি বিজেপি তথা এনডিএর প্রতিনিধি ছিলেন। এখন তিনি দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ দলমত নির্বিশেষে সকলের প্রধানমন্ত্রী, এই বার্তা স্পষ্ট করতেই ওই স্লোগান মুছে ফেলার বার্তা দিয়েছেন।
ভোটের প্রচারে হঠাৎ ‘মোদী কা পরিবার’ লেখার প্রয়োজন পড়ল কেন?
ঘটনার সূত্রপাত, ভোটের ঘোষণার আগে বিহারে গিয়ে আরজেডি প্রধান লালুপ্রসাদের পরিবারতন্ত্রকে খোঁচা দিয়েছিলেন মোদী। যার জবাবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু বলেছিলেন, ‘‘মোদীর তো পরিবারই নেই!’’
লালুর সেই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় ওঠে। এর পরেই বিজেপির সর্বস্তরের নেতারা টুইটারে নিজেদের নামের পাশে ‘মোদী কা পরিবার’ লেখেন। বোঝাতে চান, মোদী পরিবারহীন নন। তাঁরাই মোদীর পরিবার।