
প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 March 2025 14:50
দ্য ওয়াল ব্যুরো: নিজের ঘর থেকেই উদ্ধার হল ৭ বছরের এক শিশুর গলা কাটা মৃতদেহ। উত্তর দিল্লির (Delhi) স্বরূপনগর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে। নাবালিকাকে (Minor Girl) যে খুনই করা হয়েছে তা প্রায় নিশ্চিত। তবে কারা খুন করল, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য নেই পুলিশের কাছে। শুরু হয়েছে তদন্ত।
পুলিশের তরফে জানানো হয়েছে, গত শনিবার ওই এলাকায় পেট্রোলিং করার সময়ে একটি বাড়ির সামনে ভিড় দেখতে পান তাঁরা। সেখানে গিয়ে জানতে পারেন ঘরের ভিতর কারও মৃতদেহ পড়ে রয়েছে। পরে ঘরের ভিতর থেকে ওই নাবালিকার রক্তমাখা দেহ উদ্ধার হয়। তার গলায় গভীর ক্ষতচিহ্ন থেকেই পুলিশ অনুমান করছে যে তাকে গলা কেটে খুন করা হয়েছে।
ওই বাড়ির আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ফুটেজে ওই বাড়ি থেকে দুজনকে ঘটনার কিছু পরই বেরোতে দেখা যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুজনের মধ্যে একজন প্রেম সিং (৩২) এবং অন্যজন রঞ্জিত। প্রেমই ওই নাবালিকার বাবা বলে জানা গেছে। সন্দেহ করা হচ্ছে, এই দুজনই খুনের ঘটনায় জড়িত থাকতে পারে।
বিহারের পাটনার বাসিন্দা প্রেম দিনমজুর হিসেবে কাজ করতেন দিল্লিতে। লিবসাপুরের একটি কারখানায় তাঁর স্ত্রীও কাজ করেন। তাঁদের আরও একটি কন্যা সন্তান রয়েছে, যার বয়স ৯। ইতিমধ্যে ঘটনাস্থলে ফরেন্সিক টিম গেছে এবং নমুনা সংগ্রহ করা হচ্ছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।