
প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 December 2024 12:55
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান চলাকালীন উল্লাসে মেতেছিল সবাই। গান-বাজনার পাশাপাশি চলছিল গুলিও! সেই গুলির আঘাতেই মৃত্যু হল ১৩ বছরের এক নাবালিকার। ঘটনাটি হরিয়ানার। নাবালিকার মতো তাঁর মায়েরও গুলি লেগেছিল। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।
হরিয়ানার চরকি দাদ্রি এলাকার ভিওয়ানি রোডের কাছে একটি ম্যারেজ হলে হচ্ছিল এই অনুষ্ঠান। বুধবার রাতে সেই অনুষ্ঠান চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পরিবারের সঙ্গেই ওই বিয়ের অনুষ্ঠানে এসেছিল রেওয়ারি জেলার বাসিন্দা ওই নাবালিকা। বর্তমানে বিয়েবাড়ির সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়েবাড়িতে একদল যুবক ছিল। গান-বাজনার মাঝে মূলত তাঁরাই শূন্যে গুলি চালাতে শুরু করে। পুরোটাই উল্লাসে মজে করছিল তারা। অনুমান, তাঁরা বরের বাড়ির লোক হবে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টায় রয়েছে পুলিশ। ইতিমধ্যে অনুষ্ঠান বাড়ি যারা ভাড়া নিয়েছিলেন তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চরকি দাদ্রির এসএইচও সুনীল কুমার জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তের গতিও বাড়ানো হয়েছে। সিসিটিভিতে যাদের গুলি চালাতে দেখা যাচ্ছে তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। খুব দ্রুত তাঁদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।