
ভাইরাল ভিডিওর অংশবিশেষ।
শেষ আপডেট: 4 August 2024 10:06
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ! মর্মান্তিক! কোনও বিশেষণই যথেষ্ট নয়। উত্তরপ্রদেশে বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতি কেড়ে নিল স্কুটি চালক মহিলার প্রাণ। ঘটনায় গুরুতর জখম হয়েছে মৃত মহিলার ১২ বছরের কিশোরী মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ঘটনায় অভিযুক্ত ১৭ বছরের কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।
পুলিশ সূত্রের খবর, মেয়েকে নিয়ে স্কুটিতে করে হাসপাতালে যাচ্ছিলেন ওই মহিলা। উলটো দিক থেকে আসছিল বিলাসবহুল গাড়িটি। ইতিমধ্যে দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে বেপরোয়া গতির গাড়িটি নিমেষে ওই স্কুটি চালক মহিলাকে পিষে দেয়।
পুলিশকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির চালকের আসনে ছিল এক নাবালক। ঘণ্টায় ১০০ কিমি বেগে ছুটছিল বেপরোয়া গাড়িটি। সঙ্গে ছিল তার দুই বান্ধবী এবং এক বন্ধু। গাড়ি নিয়ে তাদের স্টান্টবাজি দেখাতে গিয়ে স্কুটি চালক মহিলাকে পিষে দেয় ওই কিশোর। স্কুটি ছাড়াও আরও দুটি গাড়িকে ধাক্কা মেরেছিল সেটি।
Horrific Accident Caught on Camera in Kanpur: Woman Dies, Daughter Severely Injured After Minor Performing Stunt in Car Hits Scooter at High Speed; Video Surfaces A tragic accident in Kanpur's Kidwai Nagar on Friday kanpurnagarpol #Kanpur#SaketNagar#Road #up #CM@UPPViralCheck pic.twitter.com/bLX4mNWVBQ
— kumar Ashutosh Anand (@Ashutos59663780) August 3, 2024
পরে অভিযুক্ত কিশোরকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ওই কিশোরের বাবা অবশ্য পুলিশকে জানিয়েছেন, তাঁকে না জানিয়েই বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল ছেলে। অন্যদিকে নিহতর পরিবার অভিযুক্ত কিশোরের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
সম্প্রতি পুণেতে দুই তরুণ ইঞ্জিনিয়ারকে পিষে দিয়েছিল একটি পোর্শে। মুম্বই, নাসিকেও একই রকম দুর্ঘটনা ঘটে। এবার যার পুনরাবৃত্তি ঘটল কানপুরে। প্রতিটি ক্ষেত্রেই বেপরোয়া গতির বলি হতে হল নিরীহ মানুষকে।