
ফাইল ছবি।
শেষ আপডেট: 5 December 2024 13:11
দ্য ওয়াল ব্যুরো: অগস্টের পর ডিসেম্বর। ফের মেট্রোর কেবলবল চুরির ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে।
যার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লি-নয়ডার ব্যস্ততম ব্লু লাইনে মেট্রো চলাচল বেশ কিছুটা দেরিতে চলছে। সমস্যায় পড়েছেন অফিস যাত্রী থেকে হাজার হাজার নিত্যযাত্রী।
দিল্লি মেট্রো সূত্রের খবর, দ্বারকা থেকে বৈশালী লাইনের মাঝে কীর্তি নগর এবং মতি নগর এলাকায় মেট্রোর কেবল চুরির ঘটনাটি ঘটেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাবার পরই দুষ্কৃতীরা কেবল চুরি করেছে। জানা যাচ্ছে যে এলাকা থেকে এই কেবল চুরির ঘটনা ঘটেছে সেই এলাকাটি মেট্রোর সিসিটিভি কভারেজের বাইরে। ফলে দুষ্কৃতীদের হদিশ জানা যায়নি।
মেট্রোর তরফে জানানো হয়েছে, কেবল চুরির জেরে এদিন ট্রেন চলাচল বেশ কিছুটা ব্যাহত হবে। তারই জেরে দিল্লি-নয়ডার ব্যস্ততম ব্লু লাইনে এদিন কিছুটা ধীরগতিতে মেট্রো চলছে।
এর আগে গত অগস্ট মাসে মেট্রোর কেবল চুরির ঘটনা ঘটেছিল ঝিলমিল ও মানস সরোবর পার্ক এলাকায়। যার জেরে দিলশাদ গাডেন থেকে শাহদরা পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হয়েছিল।