বৃহস্পতিবার লখনউে উত্তর প্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড (International Trade Show, at Lucknow, Uttar Pradesh) শো'য়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জিএসটির হারের সাম্প্রতিক সংস্কারের সুবিধার নানাদিক তুলে ধরেন। কীভাবে সাধারণ মানুষ হালে চালু হওয়া নয়া জিএসটি হার চালুর ফলে উপকৃত হয়েছেন তার দৃষ্টান্ত তুলে ধরতে শার্টের দামের প্রসঙ্গ তোলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 25 September 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: জিএসটির (GST) সাফল্য দাবি করে ফের ভাষণে অনেকটা সময় ব্যয় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। বৃহস্পতিবার লখনউে উত্তর প্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড (International Trade Show, at Lucknow, Uttar Pradesh) শো'য়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জিএসটির হারের সাম্প্রতিক সংস্কারের সুবিধার নানাদিক তুলে ধরেন।
কীভাবে সাধারণ মানুষ হালে চালু হওয়া নয়া জিএসটি হার চালুর ফলে উপকৃত হয়েছেন তার দৃষ্টান্ত তুলে ধরতে শার্টের দামের প্রসঙ্গ তোলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে একটা হাজার টাকার শার্ট কিনতে হলে ১১৭ টাকা কর গুণতে হত। প্রসঙ্গত, তখন চালু ছিল ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সেই ব্যবস্থায় একটা পণ্যের যতবার হাতবদল হত ততবারই কর যুক্ত হত। ২০১৬ সালে জিএসটি চালুর পর একাধিক স্তরে কর চাপানোর ব্যবস্থার অবসান হয়। প্রধানমন্ত্রী বলেন, সেই হাজার টাকার শার্টেই জিএসটি দিতে হত ৫০ টাকা। অর্থাৎ ৬৭ টাকা কমে গিয়েছিল। সেই করের পরিমাণ এখন আরও কমে হালের জিএসটি সংস্কারের পর হয়েছে ৩৫ টাকা মাত্র। প্রধানমন্ত্রী বলেন, নিম্ন ও মধ্যবিত্ত সমাজ এরফলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে।
প্রধানমন্ত্রী বিগত কয়েকদিন ধরেই জিএসটির হার কমানোর সিদ্ধান্ত নিয়ে কৃতিত্ব দাবি করে আসছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কলকাতায় এসে বলে গিয়েছেন প্রধানমন্ত্রীর ইচ্ছায় নয়া জিএসটির হার মাতৃপক্ষ চালুর পর বলবৎ করার সিদ্ধান্ত করা হয়।
এরআগে আর জিএসটি কাউন্সিলে নতুন হার চূড়ান্ত হওয়ার পরদিনই কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর ছবি সহ বিজ্ঞাপন ছাপিয়ে এর কৃতিত্ব দাবি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারও জিএসটির হার হ্রাসে রাজ্যের তরফে আগাম প্রস্তাব পেশ করার কথা বিজ্ঞাপন দিয়ে দাবি করেছে।
যদিও জিএসটির বিষয়ে এককভাবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনও সুযোগ নেই। জিএসটি কাউন্সিলের সদস্য রাজ্যের অর্থমন্ত্রীরা। রাজ্যগুলির মতামত ছাড়া কেন্দ্রের অগ্রসর হওয়ার কোনও সুযোগ নেই।
লখনউয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জিএসটির হার কমানোর কৃতিত্ব দাবি করে বক্তৃতায় শার্টের দামে কর হ্রাসের প্রসঙ্গ উত্থাপনে জেন জি অঙ্কও কাজ করেছে বলে অনেকেই মনে করছেন।
সারা দেশে জোরকদমে উৎসব শুরু হয়ে গিয়েছে। এই সময় তরুণ সমাজ তুলনামূলকভাবে বেশি পরিমাণে জামা-কাপড় কেনাকানা করে থাকে। প্রধানমন্ত্রী তাদের মনে করিয়ে দিতে চেয়েছেন জিএসটির হার কমানোর ফলে কীভাবে কেনাকাটা সহজ হয়েছে।
শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণ-অভ্যুত্থানে জেন-জি'র ভূমিকা এখন গোটা বিশ্বে আলোচিত বিষয়। পূর্ণাঙ্গ রাজ্যের দাবি করে লাদাখের আন্দোলনেও সামনের সারিতে আছে জেন জি। নেপাল, বাংলাদেশ, তার আগে শ্রীলঙ্কায় জেন-জি'র অন্যতম ইস্যু ছিল জিনিসপত্রের অস্বাভাবিক দাম। প্রধানমন্ত্রী হয়তো বার্তা দিতে চেয়েছেন ভারতে তাঁর সরকার জিনিসপত্রের দাম নিয়ে অনেক বেশি সতর্ক।