
এই যুবককে গ্রেফতার করেছে এনআইএ
শেষ আপডেট: 9 August 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: পুনের আইসিস মডিউলের একটি গ্যাংয়ের খোঁজ অনেকদিন ধরেই করছিল এনআইএ। তবে তাদের কারও পাত্তা পাওয়া যাচ্ছিল না। অবশেষে রাজধানী দিল্লি থেকে সেই দলের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করা হল। দিল্লি পুলিশের বিশেষ দল আবদুল হাজি আলি নামের এই জঙ্গিকে গ্রেফতার করেছে। গ্যাংয়ের সবথেকে কুখ্যাত সদস্য এই আলি।
এনআইএ জানিয়েছে, আলির পুরো নাম রিজওয়ান আবদুল হাজি আলি। এর আগে একবার তাকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। কিন্তু সে পালিয়ে যায়। এবার দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল ওই জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। আলি মূলত দিল্লির দায়রাগঞ্জের বাসিন্দা। দিল্লি ছাড়াও মুম্বই, পুনে সহ একাধিক জায়গায় বহু অপরাধ করেছে সে এবং তার গ্যাং। তার মাথার দাম ৩ লক্ষ রাখা হয়েছিল।
অতীতে এনআইএ পুনে আইসিস মডিউলের একাধিক জঙ্গিকে গ্রেফতার করেছে। গত বছর জুলাই মাসে মোট ১১ জনের বিরুদ্ধে তারা মামলা করেছিল অস্ত্র, বিস্ফোরক রাখা, আইসিস সম্পর্কিত বই পড়া এবং বিস্ফোরক তৈরি করার জন্য অনেক কেমিক্যাল রাখার অপরাধে। চলতি বছর এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটও দেয় এনআইএ যাতে এই আলির নাম ছিল।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, মহারাষ্ট্র নয়, গোটা ভারতজুড়ে সন্ত্রাসের নানা পরিকল্পনা তারা করেছিল এবং দীর্ঘদিন ধরে আইসিস জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে এসেছে তারা। এমনকী যোগাযোগ যাতে কোনও বিচ্ছিন্ন না হয়ে যায় তার জন্য তারা গোপন অ্যাপের ব্যবহারও করত। তদন্তে এও উঠে এসেছে, পুনের কোণ্ডোয়া থেকে আইইডি বিস্ফোরক নিয়ে একপ্রকার ট্রেনিংও করেছে তারা। আগামী দিন গুজরাতের একাধিক জায়গায় হামলার ছক কষা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।