
জয়ন্ত চৌধুরি প্রখ্যাত বিশ্বসাহিত্যিক জর্জ অরওয়েলের ডায়াস্টোপিয়ান উপন্যাস '১৯৮৪'র ব্যঙ্গ করেছেন।
শেষ আপডেট: 28 March 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: পবিত্র ইদের আগে আজ, শেষ শুক্রবারের নমাজ পাঠ। রাস্তা দখল করে নমাজ পাঠ করলে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে হুঁশিয়ারি দিয়েছে মীরাট পুলিশ। মীরাট শহরাঞ্চলের এসপির এই কঠোর হুঁশিয়ারির পর বিভ্রান্তি ছড়িয়েছে বিজেপির শরিক দলের মধ্যেই। এনডিএ-র শরিক দল রাষ্ট্রীয় লোকদল (RLD) নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত সিং চৌধুরি কঠোর সমালোচনা করেছেন মীরাট পুলিশের। রাস্তাজুড়ে বসে ইদ ও জুম্মাবারের নমাজ পড়লে পাসপোর্ট ও লাইসেন্স বাতিলের পুলিশি হুমকিকে জয়ন্ত চৌধুরি প্রখ্যাত বিশ্বসাহিত্যিক জর্জ অরওয়েলের ডায়াস্টোপিয়ান উপন্যাস '১৯৮৪'র ব্যঙ্গ করেছেন।
ইদের দিন ও শেষ জুম্মাবারে রাস্তা দখল করে নমাজ পড়ার শাস্তি হিসেবে পুলিশ কর্তা জানিয়েছেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করতে পারে, গ্রেফতার করতে পারে এমনকী প্রয়োজনে পাসপোর্ট ও লাইসেন্স বাতিল করা হতে পারে। পুলিশ জানিয়েছে, আগেরবার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এবছরেও কাউকে রাস্তা আটকানোর চেষ্টা করতে দেখা গেলে আইনি ব্যবস্থা মুখোমুখি হতে হবে।
পুলিশি সতর্কবার্তায় নমাজ পড়ার জন্য মসজিত এবং ইদগার কাছে ফৈজ-ই-আম ইন্টার কলেজ চত্বরে জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যাতে রাস্তা যান চলাচলের উপযুক্ত থাকে। পুলিশ রাস্তা আটকানো ঠেকাতে এদিন থেকেই ড্রোন, সিসিটিভি নজরদারি ছাড়াও সশস্ত্র বাহিনী ও ব়্যাফ নামিয়েছে। সকলকে সতর্ক করে বলে দেওয়া হয়েছে, অনুমতি ছাড়া সাধারণ মানুষের অসুবিধা করে কোনও জায়গায় জমায়েত করা যাবে না।
পুলিশি ফতোয়ার বিরোধিতা করে কেন্দ্রীয় জয়ন্ত চৌধুরি এক্স পোস্ট লিখেছেন, অরওয়েলিয়ান ১৯৮৪-র মতো পুলিশি ব্যবস্থা! উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ১৯৮৪ নামে উপন্যাসটি বহু বিতর্কিত ও চর্চিত একটি গ্রন্থ। এই উপন্যাসে রাষ্ট্র নিয়ন্ত্রিত একতরফা কর্তৃত্ববাদ, দেশের মানুষের উপর সরকারের নজরদারি ও চরবৃত্তি, সত্য বিকৃত করে প্রচার এসব তত্ত্ব তুলে ধরা হয়েছিল। এই উপন্যাসে কীভাবে রাষ্ট্র সাধারণ নাগরিকদের স্বাধীনতা কেড়ে নেয়, তাও তুলে ধরা হয়েছে। সে কারণে শরিক দল নিয়ন্ত্রিত পুলিশকেই এই একটি কথাতেই ব্যঙ্গ করেছেন জয়ন্ত চৌধুরি।