
শেষ আপডেট: 24 November 2023 12:10
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মিরাটে ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধাওয়া করে অপহরণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ। রাস্তার ধারের এক সিসিটিভি ক্যামেরায় মেয়েটিকে ধাওয়া করার দৃশ্য ধরা পড়েছে।
সূত্রের খবর, এক যুবক মেয়েটির পিছন পিছন তিনজন অপহরণকারীর দৌড়নোর একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে মিরাট পুলিশকে ট্যাগ করেন। এরপরই অপহরণের ঘটনা সামনে আসে। স্থানীয়রাও ইতিমধ্যে সেই ভিডিও ক্লিপ শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন। তদন্তে নেমেছে পুলিশও।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঝরাত থেকে মেয়েটি নিখোঁজ হওয়ার পর এখনও তাঁর খোঁজ মেলেনি। এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মিরাট পুলিশ বলে, “এই অপহরণের ঘটনা প্রসঙ্গে লোহিয়া নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
A 14 year old girl is missing from
— Irfan Shaikh ???????? (@IrfanSh66077693) November 23, 2023
Meerut. Last night at 2.30 am she
was seen running in the CCTV
footage. 3 boys are chasing. Since
then there is no trace of the girl.
Kidnapping FIR registered against
Mohit, Nikki, Sikandar. @Uppolice @UPPolNRI #Meerut #Up pic.twitter.com/7JSZsTboNN
স্থানীয়দের সূত্রে খবর, অপহৃত মেয়েটির বাবা সকালে ঘুম থেকে উঠে তাঁর মেয়েকে দেখতে না পেয়ে অবাক হয়ে যান। এরপর উদ্বিগ্ন হয়ে তিনি এদিক ওদিক ঘুরে মেয়েটিকে খোঁজেন, কিন্তু কোথাও খোঁজ মেলেনি। শেষে হদিশ পাওয়ার জন্য রাস্তার ধারের সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করেন তাঁরা।
এরপরই রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হতবাক হয়ে যান ওই মেয়েটির বাবা এবং প্রতিবেশীরা। তাঁরা দেখেন, তাঁদের ১৪ বছর বয়সি মেয়েটিকে তিন যুবক তাড়া করছে। অভিযুক্ত তিন যুবককে চিনতেও পেরেছেন তাঁরা। অভিযুক্তদের নাম সিকন্দর, মোহিত ও নিকি।
অপহরণকারীদের নাম জানার পরেই মিরাট পুলিশ অভিযুক্তদের নাম করে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত জোরকদমে অপহৃত মেয়েটি এবং তিন অপহরণকারীর খোঁজ শুরু হয়েছে। মেয়েটির পরিবারকে শীঘ্রই অভিযুক্তদের খুঁজে বের করার আশ্বাস দেওয়া হয়েছে।