
এস জয়শঙ্কর
শেষ আপডেট: 24 June 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো: পাসপোর্টের জন্য অ্যাপ্লাই তো করে দিলেন, এবার পালা পুলিশ ভেরিফিকেশনের। তাতেই অনেক দিন সময় লেগে যায়। এই নিয়ে সাধারণ মানুষের একটা চাপা ক্ষোভ থাকে। তবে সেই সমস্যার সমাধানেরই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাসপোর্টের পুলিশি ভেরিফিকেশন নিয়ে বড় আপডেট দিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সাধারণত, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার পর পুলিশি ভেরিফিকেশনে সময় লাগে অন্তত ১৪ দিন। এই সময়টা আরও কমিয়ে আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জয়শঙ্কর জানান, পুলিশ ভেরিফিকেশনের সময় হ্রাস করার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ একযোগে কাজ করছে।
On the occasion of the 12th Passport Seva Divas, extend my greetings to all Passport Authorities in India and abroad. Commend their efforts in furthering our mission of a citizen centric foreign policy. #TeamMEA reaffirms its commitment to make our passport services more… pic.twitter.com/5QFUZH0JcR
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 24, 2024
একাধিক রাজ্যে ইতিমধ্যেই এমপাসপোর্ট পুলিশ অ্যাপ চালু হয়েছে। তাতে পুলিশি ভেরিফিকেশনে ৫ দিন বা তার কম সময় লাগে। অনুমান করা হচ্ছে, সেই অ্যাপকেই আরও ঢেলে সাজানো হতে পারে এবং পুলিশি ভেরিফিকেশনের জন্য এই অ্যাপকেই প্রাধান্য দেওয়া হতে পারে। যদিও তৎকাল পাসপোর্ট ১ থেকে ৩ দিনের মধ্যেই পাওয়া যায়। আরও উন্নত পাসপোর্ট পরিষেবা দিতে কেন্দ্র কী কী উদ্যোগ নিয়েছে তাও ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর জানিয়েছেন, এই মুহূর্তে গোটা দেশে ৪৪০টি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র চালু রয়েছে। সারা দেশে ৯৩টি পাসপোর্ট সেবা কেন্দ্র, ৫৩৩টি পাসপোর্ট প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং ৩৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। পাশাপাশি, ২৫ রাজ্যের মধ্যে ৯টি থানায় এমপাসপোর্ট পুলিশ অ্যাপ চালু করা হয়েছে।