
শেষ আপডেট: 23 January 2024 09:07
দ্য ওয়াল ব্যুরো: রামমন্দিরের দরজা আজ থেকে খুলে দেওয়া হল জনসাধারণের জন্য। আর মন্দিরের দরজা খুলতেই রামলালাকে দর্শন করতে উপচে পড়ল ভিড়। কাকভোর থেকেই মন্দিরের সামনে লাইন দিয়েছিলেন ভক্তেরা। সময় যত এগোচ্ছিল ততই বাড়ছিল উন্মাদনা। মুর্হুমুহু ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠছিল মন্দির চত্বর। ভিড় সামলাতে রীতিমতো নাস্তানাবুদ হতে হয় পুলিশকে। আর দরজা খুলতেই শয়ে শয়ে মানুষ হুড়মুড়িয়ে মন্দিরে ঢোকার চেষ্টা করেন। ফলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনসাধারণকে মন্দিরে আসতে বারণ করেছিলেন। এই সব বিধিনিষেধের মাঝেই উত্তেজনার পারদ চড়তে থাকে আমজনতার মধ্যে। মন্দিরের দরজা খুলতেই সেই উন্মাদনার বাঁধ ভাঙে। মন্দিরের দরজা খোলার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, , সাধারণ মানুষ দরজা দিয়ে ঢোকার জন্য ধাক্কাধাক্কি শুরু করেছেন। টাল সামলাতে না পেরে অনেকেই পড়ে যান। পদপিষ্ট হওয়ার মতো অবস্থা দেখা দেয়। দর্শনার্থীদের শান্ত করার চেষ্টা করে পুলিশ। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গেরুয়া পতাকার লাঠি দিয়েই ভিড় সরাতে দেখা যায় কয়েকজনকে।
#WATCH | Ayodhya, Uttar Pradesh: Heavy rush outside the Ram Temple as devotees throng the temple to offer prayers and have Darshan of Shri Ram Lalla on the first morning after the Pran Pratishtha ceremony pic.twitter.com/gQHInJ5FTz
— ANI (@ANI) January 23, 2024
রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আজ থেকে ভোর ৭টায় খুলবে মন্দিরের দরজা। সাড়ে ১১টা অবধি খোলা থাকবে দর্শনার্থীদের জন্য। এরপর রামলালাকে দুপুরের ভোগ নিবেদন করা হবে। ঘণ্টা দুয়েকের জন্য বিশ্রাম নেবেন রামলালা। তারপর ফের মন্দিরের দরজা খুলবে দুপুর ২টো থেকে। সন্ধে ৭টা অবধি দর্শন করা যাবে। তারপর সন্ধে আরতির পর মন্দির বন্ধ হবে।
মন্দিরের পূর্ব দিক দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। রামলালাকে দর্শনের পর দক্ষিণ দিক দিয়ে রয়েছে প্রস্থানের পথ। রামলালার মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরের মধ্যে থাকবে মহর্ষি বাল্মীকি, মহর্ষ বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র ও মহর্ষি অগস্ত্যর আলাদা আলাদা মন্দির। এছাড়া নিষাদ রাজ, সবরী মাতা ও দেবী আহল্যার মন্দিরও থাকবে মন্দির চত্বরের ভিতরে।
পুজোর রীতি অনুযায়ী, সকালে ঘুম থেকে তোলার পর রামলালাকে লাল চন্দন আর মধুতে স্নান করানো হবে। বিধি মেনে পুজো করবেন রামলালার প্রধান পূজারী মোহিত পাণ্ডে। পুরের বিশ্রাম, সন্ধ্যার ভোগ ও আরতির পর শয়ন দেওয়ার আগে ১৬ মন্ত্র প্রক্রিয়া শেষ করতে হবে। দিনে পাঁচবার আরতি হবে। রামলালাকে সাজানোর জন্য বিশেষ বস্ত্র তৈরি হয়েছে। এক একদিন এক একরকম পোশাক ও গয়নায় সাজবেন শিশু রাম। দিন হিসেবে পোশাকের রং ঠিক হবে। সোমবার রামলালা সাদা পট্টবস্ত্র পরবেন, বিশেষ দিনে তা হবে হলুদ। প্রাণ প্রতিষ্ঠার দিন রামলালাকে হলুদ রঙের বেনারসী ধুতি পরানো হয়েছিল, গায়ে ছিল লাল রঙের পট্টবস্ত্র। আজ মঙ্গলবার লাল বস্ত্রে সাজানো হবে রামকে। বুধবার পোশাকের রং হবে সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার হাল্কা হলুদ বা ক্রিম রঙের পোশাক, শনিবার নীল এবং রবিবার গোলাপি রঙের পোশাক পরবেন রামলালা। প্রতিদিন নিয়ম মেনে হবে মন্ত্রপাঠ, শাস্ত্র আলোচনা। রাম ভজন হবে রোজই।