
গ্রেফতার অভিযুক্ত
শেষ আপডেট: 11 January 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: লিভ-ইন সঙ্গীকে খুন করে দেহ প্রায় ৮ মাস ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার অভিযোগ উঠল বিবাহিত পুরুষের বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের দেওয়াসের। মৃতের নাম পিঙ্কি প্রজাপতি (৩০)। অভিযুক্ত সঞ্জয় পতিদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সঞ্জয় বিবাহিত। প্রায় পাঁচ বছর ধরে পিঙ্কির সঙ্গে লিভ-ইনে ছিলেন তিনি। দু'জনেই ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন পিঙ্কি। যার জন্য তাঁকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্ভবত গত বছরের জুন মাসে তরুণীকে খুন করে দেহ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। শুক্রবার ওই ভাড়া বাড়ি থেকে বোঁটকা গন্ধ বের হতেই এখন যারা ভাড়া থাকেন তাঁরা ও প্রতিবেশীরা বিষয়টি বাড়ির মালিক ধীরেন্দ্র শ্রীবাস্তবকে জানান। তিনিই থানায় খবর দেন। এরপরই ফ্রিজ থেকে তরুণীর দেহ উদ্ধার হয়।
পুলিশ সুপার পুনিত গেহলট সংবাদ মাধ্যমকে জানান, ২০২৩ সালের জুন মাসে সঞ্জয়কে বাড়ি ভাড়া দিয়েছিলেন শ্রীবাস্তব। এক বছর পর বাড়ি ফাঁকা করে দিলেও সঞ্জয়ের কিছু জিনিসপত্র সেখানে রাখা ছিল। তাই প্রায়ই সঞ্জয় বাড়িতে আসতেন। ঘটনার তদন্ত চলছে।