
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 30 April 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যৌন সম্পর্ক! তার সঙ্গে বিয়ে হয়ে গেলেও রেহাই পেলেন না যুবক। বুধবার পকসো আইন অনুযায়ী তাঁকে ১০ বছরের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট।
প্রেম বয়স মানে না। অপ্রাপ্ত বয়স্ক অনেকেই প্রেমে পড়েন। কিন্তু শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে। ১৮ বছরের আগে শারীরিক সম্পর্ক হলে তা আইনত অপরাধ। পকসো আইন অনুযায়ী হতে পারে কারাদণ্ড। এবার এই সূত্র ধরেই মাইসুরুর এক যুবক পেলেন শাস্তি।
ঠিক কী হয়েছিল? কর্নাটকের এক যুগল একে অপরকে ভালবাসতেন। সম্পর্কে ছিলেন বেশ কিছুদিন ধরে। তাঁরা প্রতিবেশী ছিলেন ফলে এবিষয়ে কিশোরীর বাড়ির লোক জেনে ফেলে এবং ছেলেটির সঙ্গে সম্পর্ক না রাখার পরামর্শ দেয়। মেয়েটি বিষয়টি মেনে না নিলে জোর করেন তাঁরা। তারপরই দু'জন সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান এবং মাইসুরুতে গিয়ে কোনও এক আত্মীয়র বাড়িতে থাকেন।
পরে ওই কিশোরীর বাড়ির লোক নিখোঁজ ডায়েরি করে, ভয় পেয়ে তাঁরা দু'জনই বাড়ি ফিরে যান। পুলিশ এনিয়ে কিশোরীর স্টেটমেন্ট রেকর্ড করলে তিনি জানান, শারীরিক সম্পর্ক হয়েছে।
এই সূত্র ধরেই মাদ্রাস হাইকোর্ট রায়দানের সময় জানায়, 'যখন এই ঘটনাটি হয়েছিল, তখন কিশোরীর বয়স ১৮ হয়নি। ফলে এটি পকসোর অধীনে পড়ছে।'
এক্ষেত্রে আদালতে জানানো হয়, তাঁরা দু'জন বিয়ে করেছেন এবং এখন চুটিয়ে সংসার করেছেন। কিন্তু আদালত এই কথার প্রেক্ষিতে জানিয়ে দেয়, 'বিয়ে কখনও কোনও অপরাধ মুছে দিতে পারে না। এই ধরনের যুক্তি মেনে নিলে পকসো আইনের মূল উদ্দেশ্য নষ্ট হবে।'
আদালত তার পর্যবেক্ষণে আরও বলেছে, 'এই ধরনের অপরাধ শুধুমাত্র কোনও ব্যক্তির বিরুদ্ধে নয় বরং সমাজের বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত।'