
মরদেহের পাশেই বসে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
শেষ আপডেট: 28 December 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে এসে পৌঁছাল। এখানেই দুপুর পৌনে ১২টা নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে। শেষযাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ শববাহী গাড়ির সঙ্গে হেঁটে আসেন। মরদেহবাহী ট্রাকে প্রয়াত মনমোহন সিংয়ের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিগমবোধ ঘাটেও এদিন সকাল থেকে হাজারো মানুষ চোখের জলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে হাজির হয়েছেন। নিগমবোধ ঘাটের কাছে সাধারণ কংগ্রেস সমর্থকদের আটকে দেওয়া হয়। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে ভিতরে ঢুকে গিয়েছেন। এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী।
সকাল থেকেই নিগমবোধ ঘাট পুলিশের দখলে চলে গিয়েছে। প্রচুর কংগ্রেস সমর্থক সহ সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন প্রয়াত প্রধানমন্ত্রীকে। দিল্লি পুলিশ পুরো ঘিরে ফেলেছে নিগমবোধ ঘাটকে। ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে। দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা ইতিমধ্যেই নিগমবোধ ঘাটে নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে পৌঁছে গিয়েছেন।
এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষকৃত্যানুষ্ঠানে পৌঁছে গিয়েছেন। এছাড়াও বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রনেতারাও এক-এক করে নিগমবোধ ঘাটে পৌঁছে গিয়েছেন। মনমোহনের শেষযাত্রার জন্য দিল্লির বিভিন্ন রাস্তায় সকাল থেকেই যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। ভিভিআইপিদের যাত্রাপথে যাতে কোনও বিঘ্ন না ঘটে তার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে।