
শেষ আপডেট: 2 December 2023 17:38
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের গোষ্ঠীহিংসার আঁচ এবার দিল্লিতে! মণিপুর ছাড়িয়ে মেইতেই-কুকি সংঘাতের রেশ এসে পৌঁছল রাজধানীর বুকে। শনিবার সকালে দিল্লিতে মেইতেই জনগোষ্ঠীর এক মহিলা প্রকাশ্য রাস্তায় নিগ্রহের শিকার হন। দুষ্কৃতীরা কুকি জনজাতির বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি দক্ষিণ-পূর্ব দিল্লির সানলাইট কলোনি এলাকার। সেখানেই এদিন সকালে মেইতিই সম্প্রদায়ের এক মহিলাকে প্রকাশ্যে নিগ্রহ করে দুষ্কৃতীরা। পুলিশের দাবি, দুষ্কৃতীরা ওই মহিলার পূর্ব পরিচিত। গোষ্ঠীবিদ্বেষের কারণেই হামলা চালানো হয়েছে। ঘটনাটির বিষয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও দ্য ওয়াল ভিডিওটির সত্যতা যাচাই করেনি।
Meitei people are no longer safe, even in the capital city of #Delhi . Two #Meiteis , including a woman, were assaulted by #Kuki mobs. The #GoI should address this matter with utmost seriousness; it cannot be overlooked or taken lightly. #Manipur #KukiAtrocities #KukiTerrorists pic.twitter.com/XVAOmSnzS3
— Christopher Hijam (@ChristopherHij2) December 2, 2023
গত মে মাস থেকে বিক্ষিপ্তভাবে হিংসা চলছে মণিপুরে। হিংসার কারণে মেইতিই ও কুকি দুই গোষ্ঠীর মহিলারাই খুন, ধর্ষণ সহ বিভিন্নভাবে নিগ্রহের শিকার হয়েছেন। তবে শুধু সেরাজ্যেই নয়, এবার দেশের রাজধানী শহর দিল্লিতেও মণিপুরের গোষ্ঠীবিদ্বেষের ঘটনা নজরে এসেছে। শনিবার সকালের ঘটনার জেরে সানলাইট কলোনি এবং আশপাশের এলাকায় পুলিশ নজরদারি চালাচ্ছে। গোটা এলাকায় টহল দিচ্ছে পুলিশের বিশাল বাহিনী।
গত মে মাসে মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এরপর থেকেই জনজাতি সংগঠনগুলি আদালতের নির্দেশের বিরোধিতায় পথে নামে। আর সেই ঘটনা থেকেই শুরু হয় সংঘাত। মণিপুরের মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি, জো সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় দু’শো জন প্রাণ হারিয়েছেন। ঘরছাড়ার সংখ্যা প্রায় ৬০ হাজার। তবে হিংসার আগুন যে এখনও নেভেনি সম্প্রতি ভাইরাল ভিডিও যেন তাই প্রমাণ করল।