
অভিযুক্ত পুলিশ কনস্টেবল।
শেষ আপডেট: 3 November 2024 12:24
দ্য ওয়াল ব্যুরো: বচসার মাঝে আচমকা সিনিয়র অফিসারকে গুলি করে হত্যা করল কনস্টেবল।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মনিপুরের মংবুং গ্রামের পুলিশ পোস্টে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের মধ্যেই শোরগোল তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কনস্টেবলকে।
পুলিশ সূত্রের খবর, ধৃত কনস্টেবলের নাম বিক্রমজিৎ সিং। মৃত সাব-ইন্সপেক্টরের নাম শাহ জাহান।ডিউটি নিয়ে গত শনিবার থেকে ওই সিনিয়র অফিসারের সঙ্গে বচসা চলছিল অভিযুক্ত কনস্টেবলের।
রবিবার সকালেও দু'জনের মধ্যে বচসা চলছিল। সে সময়ই নিজের সার্ভিস রাইফেল থেকে সিনিয়রকে লক্ষ্য করে গুলি চালায় ওই কনস্টেবল।
গত বছরের মে থেকে ইম্ফল উপত্যকা-ভিত্তিক মেইটিস এবং পার্শ্ববর্তী পাহাড়-ভিত্তিক কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত হিংসায় ২০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। সেই থেকে অশান্ত মনিপুর। তার মধ্যে এঘটনায় নতুন করে শোরগোল তৈরি হয়েছে বাহিনীর অভ্যন্তরে।