
এন বীরেন সিং
শেষ আপডেট: 10 June 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো: আবার উত্তেজনা ছড়াল মণিপুরে। এবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর নিরাপত্তারক্ষীদের কনভয়ে হামলার ঘটনা ঘটল। কয়েক রাউন্ড গুলি চলেছে বলে খবর। এই ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মীও। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সোমবার ৩৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয়। তখনই আচমকা এই হামলা হয়। কনভয় লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুষ্কৃতীরা। সূত্রের খবর, ইম্ফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে টি লাইজং গ্রামের কাছে এই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী আহত হলেও তিনি নিরাপদে আছেন বলেই জানা গেছে। তবে কারা এই হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়।
গত ১ বছর ধরে মণিপুরে উত্তেজনা ছড়িয়ে রয়েছে। কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে ইতিমধ্যেই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ধর্ষণ, খুনের মতো ঘটনাও ঘটেছে একাধিকবার। দেশের বিরোধী রাজনৈতিক শিবির কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে। সরাসরি নিশানা করা হয়েছে নরেন্দ্র মোদীকেও। কিন্তু সরকারের তরফে মণিপুর ইস্যুতে কোনও প্রত্যক্ষ প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি।
লোকসভা ভোটপর্ব মেটার সঙ্গে সঙ্গেও মণিপুর উত্তপ্ত হয়েছিল। ভোটের দিন সকালে মণিপুরের ৫ বুথে থমকে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। পূর্ব ইম্ফলের ২টি এবং পশ্চিম ইম্ফলের ৩টি বুথে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। নির্বাচনে বেনিয়মের অভিযোগ তুলে বুথ তছনছ করে কয়েকজন দুষ্কৃতী। এরপরই ওই বুথে ভোটগ্রহণ স্থগিত করে দেয় কমিশন। এছাড়াও ইম্ফলের কয়েকটি বুথে অশান্তির খবর পাওয়া যায়। সবকটিতেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।