
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য
শেষ আপডেট: 26 November 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের হরিদ্বারের একটি বাড়ি থেকে তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার। সোমবার সন্ধেবেলা হরিদ্বারের রানিপুরের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতদের নাম রাজীব আরোরা, তাঁর স্ত্রী সুনীতা এবং শাশুড়ি। স্ত্রী আর শাশুড়িকে খুন করার অভিযোগ উঠছে রাজীবেরই বিরুদ্ধে। রাজীবের ঘর থেকে একটা বেসবল ব্যাট ও পিস্তল উদ্ধার হয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বেসবল ব্যাট দিয়ে স্ত্রী সুনীতার মাথায় আঘাত করে খুন করেন রাজীব। পরে শাশুড়িকে গুলি করে খুন করে নিজে আত্মঘাতী হন তিনি।
স্থানীয়রা বলছে, রোববার দিল্লি থেকে হরিদ্বারে ফেরেন রাজীব। সোমবার সন্ধ্যায় রাজীবের, স্ত্রী আর শাশুড়ির দেহ উদ্ধার হয়।
যে বাড়িতে ঘটনা ঘটেছে সেই বাড়ির ভাড়াটেদের দাবি, বিকেলে গুলির শব্দ পান তাঁরা। সেই শব্দ পেয়েই বাইরে বেরোন। কিন্তু রাজীবদের ঘর থেকেই যে গুলি চলেছে সেটা বুঝতে পারা যায়নি। সন্ধের পর রাজীবদের কোনও সাড়া-শব্দ না পেয়ে ভাড়াটেরা ডাকাডাকি করেন। দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের সবটা জানান তাঁরা। পরে বেগতিক দেখে পুলিশে খবর দেওয়া হয়।
হরিদ্বার পুলিশ সুপার পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, তিন জনের দেহ পড়ে আছে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের সন্দেহ, পারিবারিক অশান্তির জন্যই এই ঘটনা ঘটেছে।
খুনের পেছনে আরও কোনও কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। কেন রাজীব খুন করলেন, কেন আত্মঘাতী হলেন, বিষয়টা পরিষ্কার করে বুঝতে আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।