তনু গুর্জার ও বাড়ির ছবি ভাইরাল ভিডিও থেকে পাওয়া
শেষ আপডেট: 15 January 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো: নিজের পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে চেয়েছিল। তার পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তা বুঝে উঠতে পারেননি তরুণী। বিয়ের চারদিন আগেই পরিষ্কার জানিয়েছিলেন কোনওভাবেই তাঁর পক্ষে নিজের পছন্দের ছেলে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব নয়। যা শুনে রাগে মেয়েকে গুলি করে মারল বাবা।
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা। জানা গেছে, অভিযুক্ত বাবা নিজের মেয়েকে গুলি করার সময় সামনে পুলিশ অফিসার, পঞ্চায়েত প্রধান দাঁড়িয়ে থাকলেও কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা।
অভিযুক্ত বাবা মহেশ গুর্জারের বিরুদ্ধে অভিযোগ, বিয়ের সবরকম প্রস্তুতি সারা হয়ে গেলেও মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় মেয়ের করা একটি পোস্ট দেখে মাথায় আগুন জ্বলে ওঠে তাঁর। তা দেখেই রাগে মেয়ের বুকে গুলি চালিয়ে দেন তিনি। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। জানা গেছে, মহেশের সঙ্গে সহযোগিতা করেছিল তনুর কাকার ছেলে রাহুল।
৫২ সেকেন্ডের ভিডিওতে তনু পরিবারের চাপিয়ে দেওয়া, ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য করা-সহ একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। স্বাভাবিকভাবেই তা মহেশের চোখে পড়তেই ঘটে যায় দুর্ঘটনা।
ভিডিওতে ২০ বছর বয়সি তরুণীকে বলতে শোনা যায়, ‘আমি ভিকিকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমার পরিবার প্রথমে রাজি হলেও পরে তাঁরা মেনে নিচ্ছেন না। আমাকে তাঁরা প্রতিদিন মারধর করেন ও প্রাণে মারার হুমকি দেন। আমার কিছু হলে দায়ী থাকবে পরিবার।’
পুলিশ জানিয়েছে, মহেশকে গ্রেফতার করতে পারলেও রাহুলের নাগাল এখনও পাওয়া যায়নি। ১৮ জানুয়ারি বিয়ে হওয়ার কথা ছিল তনুর। তার আগেই এমন ঘটনায় রীতিমতো অশান্তি ছড়িয়েছে।